ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

পাকিস্তানে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, অংশ নেবে ৬৮ দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫:২৬, ১৫ নভেম্বর ২০২৬

পাকিস্তানে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, অংশ নেবে ৬৮ দেশ

ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। এতে অংশ নিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যদেশসহ আরও ১১টি দেশের ক্বারিদের মনোনয়ন আহ্বান করেছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শনিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ওআইসির সদস্যদেশগুলোর পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপের প্রখ্যাত ক্বারিদেরও প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১টি দেশ থেকে ক্বারিদের মনোনয়ন পাওয়া গেছে। প্রতিযোগীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।

প্রতিযোগিতার ভ্রমণ, প্রশাসনিক ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতার আয়োজন করে পাকিস্তান। ওই আসরে ওআইসিভুক্ত ৪০টির বেশি দেশের ক্বারিরা অংশ নেন।

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, পবিত্র কোরআন তিলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কোরআনিক জ্ঞানের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে একাডেমিক ও শৈল্পিক বিনিময়ের সুযোগ তৈরিই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের মূল্যবোধ জোরদারে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন