ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৪ জমাদিউস সানি ১৪৪৮

জাতীয় প্রতিযোগিতায় জাককানইবির হয়ে লড়বেন চার শিক্ষার্থী

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ২০:০৯, ১৫ নভেম্বর ২০২৬

জাতীয় প্রতিযোগিতায় জাককানইবির হয়ে লড়বেন চার শিক্ষার্থী

ছবি: ঢাকা এক্সপ্রেস

নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ের চারটি সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রতিনিধিত্ব করবেন চার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বাছাইয়ে নিজ নিজ ইভেন্টে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন তাঁরা।

নির্বাচিত শিক্ষার্থীরা হলেন সংগীত বিভাগের সাফফাত ইসলাম শিহাব, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ইসরাত জাহান রিংকি ও নাজমুস সায়দাত সিফাত এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের রনি মিয়া। তাঁদের মধ্যে নজরুল সংগীতে শিহাব, একক অভিনয়ে রিংকি, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় সিফাত এবং একক নৃত্যে রনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সন্ধ্যামালতী মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

দুটি ইভেন্টে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাওয়া নাজমুস সায়দাত সিফাতের কাছে এ অর্জন দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চার স্বীকৃতি। নজরুলের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তাঁর। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সেই আগ্রহ আরও গভীর হয়। নিয়মিত আবৃত্তিচর্চা, কণ্ঠসাধনা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা তাঁকে এ পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে।

জাতীয় প্রতিযোগিতায় নিজের প্রস্তুতি ও প্রত্যাশা জানিয়ে সিফাত বলেন, ‘দুটি ইভেন্টেই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা থাকবে। নিজের সেরাটা দিয়ে ভালো কিছু করার প্রত্যাশা রাখছি।’

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন শিক্ষার্থীদের নজরুলের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, ‘নজরুলকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যায় না। নজরুলের মতো সংগ্রামী হতে পারলে আমরাও প্রতিষ্ঠিত হতে পারব।’

উপাচার্য আরও উল্লেখ করেন, শৈশব ও পরিণত বয়সে বাংলাদেশে এসে নজরুল প্রতিবারই মানুষকে অনুপ্রাণিত করেছেন এবং ভবিষ্যতের পথ দেখিয়েছেন। স্বল্প সময়ের স্বাধীন জীবনে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ১৯৪২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত নজরুল সুস্থ থাকলে বাংলাদেশের সাহিত্য ও সামগ্রিক অবস্থান আরও উচ্চতায় পৌঁছাতে পারত বলে অভিমত দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নজরুলকে গভীরভাবে জানবে এবং তাঁর আদর্শ নিজেদের জীবনে ধারণ করবে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন উপাচার্য।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন