শিরোনাম
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪৬, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
‘বাংলাদেশের মানুষের অনেক দুঃখ। এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে ৩৬ দিনের মাথায় দেশছাড়া করা হয়েছে। বাংলাদেশের মানুষ লড়াই করার মানসিকতা রাখে।’ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের বাকৃবি শাখা আয়োজিত ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজার মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও তাঁদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, স্কুলের পরিচালনা কমিটির মাধ্যমে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এ ছাড়া ৫০তম বিসিএসের ফলাফল আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন শিবিরের এই নেতা।
বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, তখন ক্যাম্পাস ছিল আতঙ্কের জায়গা। গেস্টরুম, গণরুম ও হলের মিটিংয়ের নামে শিক্ষার্থীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারে, আবার তার মনুষ্যত্বও নষ্ট করতে পারে। আবরার ফাহাদের হত্যাকারীরা বিশ্ববিদ্যালয়ে এসে খুনিতে পরিণত হয়েছিল। বিশ্ববিদ্যালয় থেকেই তারা বিষাক্ত মানসিকতা অর্জন করেছিল।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাঁদের ক্যাম্পাস ও একাডেমিক জীবন সহজ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলমের বক্স দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম প্যানেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একাডেমিক সাফল্য অর্জনের কৌশল, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের নিয়ম এবং উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তাঁরা।
দ্বিতীয় প্যানেল আলোচনায় ছাত্রশিবিরের সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফল হওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন বক্তারা। একই সঙ্গে তাঁরা ছাত্রশিবিরের অতীত ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্য, সমর্থক এবং নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই