ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

বিয়ের আগেই স্বর্ণালংকার নিয়ে উধাও কনে, প্রতারণার শিকার বরপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:১৪, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৭, ১৩ নভেম্বর ২০২৬

বিয়ের আগেই স্বর্ণালংকার নিয়ে উধাও কনে, প্রতারণার শিকার বরপক্ষ

৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে। ছবি : সংগৃহীত

সিলেট থেকে বিয়ে করতে রংপুরে এসে প্রতারণার শিকার হয়েছেন এক বর ও তাঁর স্বজনেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে উধাও হয়েছেন কনে ও তাঁর পক্ষের লোকজন। এ ঘটনায় রংপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রংপুর নগরের ‘আগামীর চাষী’ কমিউনিটি সেন্টারে। বরপক্ষের অভিযোগ, সিলেট থেকে বর ও বরযাত্রীরা রংপুরে পৌঁছানোর পর তাঁদের জন্য খাবারের আয়োজন করে কনেপক্ষ। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো ও স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষ্মী জুয়েলার্স ও একটি পার্লারে যান তাঁরা।

অভিযোগে বলা হয়, পার্লার থেকে বের হওয়ার পর অটোরিকশায় করে বরপক্ষের ওই তিন সদস্যকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের রেখে কনেকে সঙ্গে নিয়ে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ সটকে পড়েন কনেপক্ষের লোকজন।

বরপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা প্রায় ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা খোয়া গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কনে ও তাঁর পরিবারের সদস্যদের খুঁজে না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তাঁরা।

এ ঘটনায় বরপক্ষ রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিয়ের মতো সামাজিক বন্ধনকে কেন্দ্র করে এমন প্রতারণার অভিযোগে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন