শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০, ১৩ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ময়মনসিংহ জেলার ১০টি উপজেলায় বাস্তবায়নাধীন ৬৮টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে বরাদ্দ করা অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে এবং অর্থায়নে বাস্তবায়নাধীন গ্রামীণ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজ গতিশীল করা এবং সরকারি বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ।
প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে। খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও সরকার নানা উদ্যোগ নিয়েছে। আগামী চার বছরের মধ্যে দেশে উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন আসবে।’
শিক্ষা ও সড়ক যোগাযোগের বিষয়ে তিনি জানান, মেয়েদের শিক্ষার ব্যয়মুক্ত সুযোগ নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সড়ক প্রশস্তকরণ প্রকল্প শুরু হয়েছে, যার আওতায় ময়মনসিংহেও উন্নয়নকাজ চলছে।
উন্নয়ন কার্যক্রমে যেকোনো বাধা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘যারা পতিত শক্তির সঙ্গে যুক্ত হয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সচেতন নাগরিকদের সরকারকে সহযোগিতা করতে হবে।’
জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-৫, ময়মনসিংহ-৭ ও ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্যরা।
এ ছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, ১০ উপজেলা থেকে আসা বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, স্থানীয় সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ৬৮টি প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
ঢাকা এক্সপ্রেস/এসএস