ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

থানায় ফোন করে পুলিশকে হুমকি আমতলী উপজেলা ছাত্রলীগ নেতার

মহিবউল্লাহ কিরন, বরগুনা:

প্রকাশ: ২১:২৩, ১১ নভেম্বর ২০২৬

থানায় ফোন করে পুলিশকে হুমকি আমতলী উপজেলা ছাত্রলীগ নেতার

ছবি: ঢাকা এক্সপ্রেস

মাত্র ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ফোনকল। আর তাতেই তোলপাড় পুরো আমতলী। বরগুনার আমতলী থানায় দায়িত্বরত এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৭ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে ওই কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, ফোনের অপর প্রান্তে থাকা এএসআই আসাদুল হককে ইশফাক আহমেদ তোহা নিজেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।

তিনি বলেন, তার বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, সেটা ভালো কথা। কিন্তু তার ছোট ভাই রবিউল তাকে দেখতে থানায় গিয়েছিল। অনুমতি না নেওয়ায় তাকে থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে কেন, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি এএসআইকে উদ্দেশ্য করে বলেন, "এই দিনে দিন নয়", "আপনি বরিশালের বাইরের লোক হয়ে কেন এমন করলেন", "এর মাশুল দিতে হবে" ও "আমতলী শহর জ্বালিয়ে দিলে আপনি কী করতে পারেন?" এবং অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকিমূলক কথা বলেন।

জবাবে এএসআই আসাদকে বলতে শোনা যায়, রবিউলের নামে দুটি ওয়ারেন্ট রয়েছে।

কল রেকর্ডের বিষয়ে সত্যতা স্বীকার করে এএসআই আসাদ বলেন, আমি তখন ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলাম। রবিউলকে অন্য অফিসার ধরেছেন। তোহা আমাকে কেন হুমকি দিলো, বুঝতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনাসহ একাধিক মামলা আমতলী থানায় রয়েছে।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাটি জেনেছি। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা আসামি তোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন