ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩, ০১ জমাদিউস সানি ১৪৪৮

পলাতক আওয়ামী লীগ নেতাদের রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:২৪, ১১ নভেম্বর ২০২৬

পলাতক আওয়ামী লীগ নেতাদের রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: ঢাকা এক্সপ্রেস

জার্মানি থেকে হিটলারের নাৎসি বাহিনীর সদস্যদের পালিয়ে যাওয়ার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণ-অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা আর বাংলাদেশে ফিরতে পারবেন না। তাঁরা রাজনীতিও করতে পারবেন না। বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলের মাধ্যমে তাঁর দলের নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি এবং তাঁদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছেন। দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়ার হুমকিও দিচ্ছেন তিনি।

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে—বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সালাহউদ্দিন আহমদ।

তবে তিনি প্রশ্ন তোলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের (জামায়াত) শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

ধীরে ধীরে দেশে মবের অস্তিত্ব থাকবে না

দেশে ধীরে ধীরে মবের অস্তিত্ব বিলুপ্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটেছিল। ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমে এসেছে। এই ১৬টি ঘটনাও যাতে আর না ঘটে, সে জন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।

বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাঁদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয়।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন