শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০, ১১ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ঝিনাইদহে পরিবহনের বৈধ কাগজপত্র ছাড়াই সারবোঝাই একটি ট্রাক আটক করে পুলিশের হেফাজতে দিয়েছেন স্থানীয় লোকজন। ট্রাকটিতে করে যশোরের নওয়াপাড়া থেকে কুষ্টিয়ায় ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে যাওয়া হচ্ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করা হয়।
তবে ট্রাকের চালক ও সহকারীকে আটক করতে পারেনি পুলিশ। রাত ১১টা পর্যন্ত সারবোঝাই ট্রাকটি ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সদস্যদের হেফাজতে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-ট-১১-০১৪১ নম্বরের একটি ট্রাকে যশোরের নওয়াপাড়া থেকে সারবোঝাই করে কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে ট্রাকটি থামিয়ে কী মাল নিয়ে যাওয়া হচ্ছে, তা জানতে চান। এ সময় ট্রাকসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, যশোরের নওয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ায় যাওয়া হচ্ছে। তবে ট্রাকে থাকা সারের কোনো মেমো বা চালান আছে কি না জানতে চাইলে তারা তা দেখাতে পারেননি। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে জেলা ট্রাক-লরি-ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং রাজনৈতিক নেতাদের খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি হেফাজতে নেন।
ঘটনাস্থলে ঝিনাইদহ জেলা যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, স্থানীয়রা সার পাচারের গোপন সংবাদ পেয়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে একটি সারবোঝাই ট্রাক আটক করে তাদের খবর দেন। তারা সেখানে গিয়ে ট্রাকের চালকের কাছে পরিবহন করা সারের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। ট্রাকটিতে ৪২০ বস্তা টিএসপি সার ছিল। ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাজেদুল হকসহ তারা সারবোঝাই ট্রাক আটকের খবর সদর থানার ওসি ও পুলিশ সুপারকে জানিয়েছেন।
মিলন আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারের বদনাম করছেন। এ কারণে সার পাচারকারীদের কোনো ছাড় দেওয়া যাবে না।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান রাত সোয়া ১০টার দিকে বলেন, স্থানীয়রা সারবোঝাই একটি ট্রাক আটক করেছেন বলে তারা খবর পেয়েছেন। ঘটনাস্থলে প্রশাসনের লোকজন গেছেন। তারা খোঁজখবর নিচ্ছেন। বিধি অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
জেলা ট্রাক মালিক সমিতির সদস্য সাজেদুর রহমান মিলন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, স্থানীয়রা সারসহ ট্রাকটি আটক করে রেখেছেন। সরকার সার সিন্ডিকেটের তৎপরতা রুখতে সোচ্চার। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার কেনাবেচা করে আসছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, ইউএনও ও কৃষি কর্মকর্তাকে সারের কাগজপত্র যাচাই করতে বলা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর সারগুলো অবৈধ বলে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস