শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:১৫, ১৩ নভেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহে থাকা বিশাল নীলকান্তমণি বসানো একটি ব্রেসলেট বিক্রি হয়েছে প্রায় ৪৯ লাখ মার্কিন ডলারে। সুইজারল্যান্ডের জেনেভায় সোথবির নিলামে অলংকারটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ। প্রত্যাশিত দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হওয়ায় ঐতিহাসিক এই অলংকারটি নতুন করে আলোচনায় এসেছে।
বুধবার (১১ নভেম্বর) সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। এতে বসানো রয়েছে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি। রত্নটির চারপাশে জ্যামিতিক নকশায় হীরা বসানো হয়েছে। বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে অলংকারটি তৈরি করেছে।
নিলামের আগে ব্রেসলেটটির সম্ভাব্য বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ। মার্কিন মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার চেয়ে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয় এটি।
সোথবির নিলাম ক্যাটালগে বলা হয়েছে, নীলকান্তমণিটি রোমানভ পরিবারের ঐতিহাসিক সংগ্রহের অংশ ছিল। রাশিয়ার জারদের এই রাজকীয় সংগ্রহকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান অলংকারের সংগ্রহ হিসেবে বিবেচনা করা হয়।
রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সময় জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাদের শাসনের অবসান ঘটে। পরের বছর বলশেভিকদের হাতে রাজপরিবারের সদস্যরা নিহত হন।
নীলকান্তমণিটি ঠিক কখন রোমানভ পরিবারের সংগ্রহে এসেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সোথবির তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনার পরা স্কার্টের সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, বর্তমান রত্নটি ছিল সেই জোড়ার একটি।
রুশ বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভ পরিবারের রাজকীয় অলংকারগুলো বিক্রি করে দেয়। ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক উচ্চবিত্ত নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে জানিয়েছে সোথবি।
সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে বিক্রির সময়ও এটি অন্য একটি ছোট নেকলেসে ব্যবহৃত হয়েছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে বর্তমান হীরাখচিত ব্রেসলেটে স্থাপন করে।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই