ঢাকা, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

মন্ত্রিসভায় রদবদল আনছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৩৪, ৭ নভেম্বর ২০২৬

মন্ত্রিসভায় রদবদল আনছেন ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর নিজের মন্ত্রিসভায় রদবদলের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনার পাশাপাশি কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাও ভাবছেন তিনি।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তবে মন্ত্রিসভার কোন কোন সদস্যকে সরানো হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

মন্ত্রিসভার কাউকে বরখাস্ত করার পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আছে। অল্প কয়েকজনকে নিয়ে এমন পরিকল্পনা রয়েছে।’

তবে নিজের মন্ত্রিসভার সদস্যদের কাজের প্রশংসাও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি আমার মন্ত্রিসভাকে ভালোবাসি। আমার মনে হয়, তারা ভালো কাজ করছেন। তবে আমি কিছু পরিবর্তন আনতে পারি।’

এদিকে ট্রাম্পের এই বক্তব্যের মধ্যেই হোয়াইট হাউসের শীর্ষ প্রশাসনিক পদে পরিবর্তনের ঘোষণা এসেছে। সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব নিতে যাচ্ছেন ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার।

অন্যদিকে, এত দিন চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা সুসি ওয়াইলস প্রেসিডেন্টের রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন। এতে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে আরও রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের এই পরিকল্পনাকে প্রশাসনে নতুন করে সাজানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে কাদের দায়িত্ব থেকে সরানো হতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন