ঢাকা, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

২২ কার্তিক ১৪৩৩, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করলেন গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:১৩, ৬ নভেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন করলেন গভর্নর

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৫৪৮ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা কমানোর ঘোষণা দিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাদের প্যারোলের সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে এত বিপুলসংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সাজা কমানোর ঘটনা এটিই প্রথম।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ ঘোষণা দেন গভর্নর নিউসম। নৈতিকতা, মৃত্যুদণ্ড কার্যকরের বিপুল ব্যয় এবং বিচারপ্রক্রিয়ায় ভুলের আশঙ্কার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এক খোলা চিঠিতে নিউসম বলেন, ‘আমি এ পদক্ষেপ নিয়েছি, কারণ দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্রীয়ভাবে কাউকে হত্যা করা ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এটি আমাদের বিচারব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে এবং আমাদের প্রত্যেকের মর্যাদাকে ক্ষুণ্ন করে।’

এ সিদ্ধান্তের ফলে কার্যত ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে। যদিও অঙ্গরাজ্যটিতে গত ২০ বছরে কোনো বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি।

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের প্রতি জনসমর্থন ১৯৯০-এর দশকের পর থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এখনো দেশটির অধিকাংশ মানুষ এ শাস্তির পক্ষে। গত আগস্টে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, হত্যার দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে ৬৬ শতাংশ মার্কিন নাগরিক। তবে প্রায় ৭৩ শতাংশ মনে করেন, নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে।

মৃত্যুদণ্ডের মামলায় দীর্ঘ ও জটিল আইনি আপিল প্রক্রিয়ার কারণে অনেক বন্দির ক্ষেত্রেই শেষ পর্যন্ত সাজা কার্যকর হয় না।

যুক্তরাষ্ট্রের ২৩টি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। অন্য কয়েকটি অঙ্গরাজ্যে আইনত এ শাস্তির বিধান থাকলেও কার্যত তা প্রয়োগ করা হয় না।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর ফেডারেল অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষে অবস্থান নিয়েছেন। গত এপ্রিলে তার প্রশাসন ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরসহ কেন্দ্রীয় পর্যায়ে এ শাস্তির প্রয়োগ বাড়ানোর ঘোষণা দেয়।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন