ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩, ০২ জমাদিউস সানি ১৪৪৮

ইরানের বন্দরনগরী সিরিকে দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪৫, ১৩ নভেম্বর ২০২৬

ইরানের বন্দরনগরী সিরিকে দফায় দফায় হামলা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এ শহরে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এর আগে এলাকাটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এদিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে হামলার খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি সামরিক ধরনের ছিল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।

অন্যদিকে ইরনার বরাতে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রতিবেদন প্রকাশের কয়েক মিনিট আগে গভীর রাতে হামলাটি হয়। তবে কারা এ হামলা চালিয়েছে, কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন। এর আগে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছিল, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন