শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৫, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
যশোরে ফৌজদারি ও দেওয়ানি মামলা নিষ্পত্তিতে গতি ফিরেছে। চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দায়রা আদালতে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যা আগের পূর্ণ বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থাপিত পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।
যশোর জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো বছরে দায়রা আদালতে ৬২৫টি মামলায় সাজা দেওয়া হয়। ওই বছর ২৩ জনকে যাবজ্জীবন ও একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অন্যদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র নয় মাসে ৮০০টি মামলায় সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকসংক্রান্ত মামলাতেও একই চিত্র দেখা গেছে। ২০২৫ সালের পুরো বছরে মাদক মামলায় ৫৮টি সাজা হয়েছিল এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে ২০২৬ সালের প্রথম নয় মাসেই ১০৭টি মাদক মামলায় সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, দেওয়ানি মামলার বিচারিক কার্যক্রমেও বড় অগ্রগতি এসেছে। ২০২৫ সালে এসব মামলায় নিষ্পত্তির হার ছিল ৮৩ দশমিক ১ শতাংশ। ওই সময়ে ৭ হাজার ৩৫১টি মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছিল ৬ হাজার ১০৭টি। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৩১০টি নতুন মামলা দায়েরের বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৮২২টি। ফলে দেওয়ানি মামলায় নিষ্পত্তির হার বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৪ শতাংশে। একই সময়ে বিচারাধীন মামলার সংখ্যা কমে ৩০ হাজার ২১টিতে নেমে এসেছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও মামলা জট কমাতে উল্লেখযোগ্যসংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। ২০২৫ সালের পুরো সময়ে এ আদালতে ১০ হাজার ৫৪০টি মামলা নিষ্পত্তি হয়েছিল। অন্যদিকে, চলতি বছরের শুরুতে বিচারাধীন মামলা, নতুন দায়ের ও প্রাপ্তি মিলিয়ে ৪৮ হাজার ৫৫৭টি মামলার বিচারকাজ পরিচালিত হয়েছে। এর মধ্যে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ১৩ হাজার ৬০৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মামলা জট কমিয়ে বিচারপ্রার্থীদের দ্রুত সেবা দিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
সম্মেলনে অন্যদের মধ্যে স্পেশাল জজ (জেলা জজ) এস এম নূরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আতোয়ার রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, পিপি এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিভিন্ন আদালতের বিচারক ও আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচারক ও আইন কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় মামলা নিষ্পত্তির গতি বহুগুণ বেড়েছে। দ্রুত বিচার নিশ্চিত করা ও বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রতা কমাতে আগামীতেও এ গতি বজায় থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস