শিরোনাম
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৮, ১৫ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ঝালকাঠির রাজাপুরে ইয়াবা সেবনের সময় পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করেছেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী এলাকার আবাসনে দেলোয়ার হোসেন দিলুর একটি ঘরে চারজন ইয়াবা সেবন করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীকে বিষয়টি জানানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরী বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস