শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৫০, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:০৭, ১৫ নভেম্বর ২০২৬
মুসাদিক মালিক। ছবি: ঢাকা এক্সপ্রেস
দীর্ঘদিনের বৈরী সম্পর্ক ও গত বছরের রক্তক্ষয়ী সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের একজন মন্ত্রী। আগামী সপ্তাহে আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে দেশটির জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক ভারত সফর করবেন।
শনিবার (১৪ নভেম্বর) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভ্যতাবিষয়ক সংলাপে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদিক মালিক।
২০২৩ সালের মে মাসে গোয়ায় অনুষ্ঠিত এসসিওর বৈঠকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন। সফরটি বাস্তবায়িত হলে তিন বছরের বেশি সময় পর পাকিস্তানের কোনো মন্ত্রী প্রথমবারের মতো ভারত সফর করবেন।
পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে অবিশ্বাস ও উত্তেজনা বিরাজ করছে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে একাধিক যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের অধিকাংশই ছিলেন হিন্দু। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।
হামলার জবাবে পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান চালায় ভারত। এর পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ৯ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের মন্ত্রীর ভারত সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস