ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৩, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৩, ২২ নভেম্বর ২০২৬

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

ছবি: ঢাকা এক্সপ্রেস

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার রাজধানীর একটি হোটেলে ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা সহযোগিতা করে।

শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান তিনি।

তিনি বলেন, গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে এ সম্মেলন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কর্মপরিবেশ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গবেষণা বাড়ানো জরুরি।

এসব গবেষণার ফলাফল দেশের শ্রমনীতি প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি আরও কার্যকর করতে সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, পরিদর্শন কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শ্রমমন্ত্রী।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসআই

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন