ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

ময়মনসিংহে ‘সাইকো গ্যাং কিলার’-এর মিছিল, আটক ৬ কিশোর

ময়মনসিংহ প্রতিনিধি:

প্রকাশ: ১৭:৪৪, ২২ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে ‘সাইকো গ্যাং কিলার’-এর মিছিল, আটক ৬ কিশোর

প্রতীকী ছবি

ময়মনসিংহ নগরে ‘সাইকো গ্যাং কিলার’ (পিজিকে) নামে একটি কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৪ থেকে ১৭ বছর বয়সী ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নগরের জেলা পুলিশ লাইনস ও কাশর এলাকায় কয়েকশ কিশোরকে নিয়ে মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে একই দিন বিকেলে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংটির নেতৃত্বে রয়েছে নবম শ্রেণির এক শিক্ষার্থী। ওই কিশোরের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিতিতে ‘সাইকো গ্যাং কিলার’ ও ‘ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট’ নাম উল্লেখ রয়েছে। অভিযোগ রয়েছে, গোষ্ঠীটির সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় উচ্চ শব্দে ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে মহড়া, ভয়ভীতি প্রদর্শন এবং আতঙ্ক সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়িত।

সূত্র জানায়, গত ১ নভেম্বর ওই কিশোরকে ট্যাগ করে আরেক কিশোর ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করে। এতে ২০ নভেম্বর বেলা আড়াইটায় ‘সাইকো গ্যাং কিলার (পিজিকে) ভাই ব্রাদার শোডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর শুক্রবার দুপুরে মিছিলটি বের করা হয়। এ সময় মিছিলের সামনে দুটি মোটরসাইকেলে ভিডিও ধারণ এবং অংশগ্রহণকারীদের স্লোগান দেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আটক ছয় কিশোরের মধ্যে নবম ও দশম শ্রেণির দুজন শিক্ষার্থী রয়েছে। অন্যরা মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত, জুতার দোকান এবং বাসের চালকের সহকারী হিসেবে কাজ করে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এবং জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, শহরে এ ধরনের আরও একাধিক গোষ্ঠীর অস্তিত্বের তথ্য পাওয়া গেছে। এগুলো পৃথক দল, নাকি একই গোষ্ঠীর সদস্যরা ভিন্ন ভিন্ন নামে সক্রিয়, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ছয় কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন