ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৮ অগ্রাহায়ণ ১৪৩৩, ১১ জমাদিউস সানি ১৪৪৮

সাজেকে পর্যটনের ভরা মৌসুমেও বিপাকে ব্যবসায়ী-শ্রমজীবীরা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৫, ২২ নভেম্বর ২০২৬

সাজেকে পর্যটনের ভরা মৌসুমেও বিপাকে ব্যবসায়ী-শ্রমজীবীরা

ফাইল ছবি

পাহাড়ে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সাজেক পর্যটনকেন্দ্র। এতে চরম সংকটে পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ী, হোটেল-কটেজ মালিক, পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট হাজারো মানুষ।

এদিকে পর্যটনের ভরা মৌসুমেও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা নেই। আয় বন্ধ হয়ে যাওয়ায় ঋণের কিস্তি, সংসারের খরচ ও কর্মচারীদের বেতন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সংশ্লিষ্টদের।

সাজেককে ঘিরে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের বিরোধ ও অনির্দিষ্টকালের অবরোধে কার্যত স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। সাজেকের সঙ্গে খাগড়াছড়ির পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট ও পরিবহন ব্যবসার সরাসরি সম্পৃক্ততা থাকায় এর প্রভাব পড়েছে পুরো জেলায়। পর্যটক না আসায় হোটেলগুলো প্রায় ফাঁকা, কটেজগুলো পড়ে আছে পরিত্যক্তের মতো। অন্যদিকে সাজেক রুটে চলাচলকারী জিপ, মাহিন্দ্র ও সিএনজিচালকরা দীর্ঘদিন গাড়ি চালাতে না পেরে বিপর্যস্ত জীবনযাপন করছেন।

খাগড়াছড়ি-সাজেক রুটের জিপচালক মো. সোহেল রানা জানান, কিস্তিতে গাড়ি কিনেছিলেন তিনি। এখন গাড়ি চালাতে না পারায় কিস্তি পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। গাড়ি না চালালেও খরচ থেমে নেই। নিরাপত্তার কারণে গাড়ি পার্কিং নিয়েও দুশ্চিন্তা রয়েছে। খাগড়াছড়িতে এর মধ্যে কয়েকটি গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মালিকরা আতঙ্কিত। তিনি বলেন, ‘আমার একমাত্র রুটি-রুজির মাধ্যম হলো এই গাড়িটি। সাজেক দ্রুত খুলে দেওয়া হলে অন্তত আয়-রোজগারের পথ ফিরে পাব।’

মাহিন্দ্রচালক মো. রাসেল জানান, এক মাসের বেশি সময় গাড়ি চালাতে না পেরে ঋণের কিস্তি ও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তিনি। ছেলে-মেয়েদের নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার। সাজেক পর্যটনকেন্দ্র খুলে না দিলে তার পরিবার আরও অসহায় অবস্থায় পড়ে যাবে বলে জানান তিনি।

সাজেক কাউন্টারের পাশে চা বিক্রি করেন মো. রফিকুল ইসলাম। মাসখানেক আগেও চা বিক্রিতে এত ব্যস্ত সময় কাটত তার যে, আলাপ করারও তেমন ফুরসত ছিল না। সাজেক বন্ধ হওয়ায় এখন বেচাকেনা নেই, মানুষের আনাগোনাও নেই। রফিকুল বলেন, ‘সারা দিন ১০ কাপ চাও বিক্রি করতে পারি না। তার ওপর দোকানভাড়া, সংসার খরচ, আমার ওষুধ খরচ—সব মিলিয়ে আমি টানাপোড়েনের মধ্যে পড়ে গেছি। এই বয়সে আর কোনো কাজ করতে পারছি না। সাজেকটা যদি খুলে দেয়, তাহলে আমাদের জন্য ভালো হতো।’

খাগড়াছড়ি-সাজেক কাউন্টারের ব্যবস্থাপক মো. আরিফ জানান, সাজেক চালু থাকলে প্রতিদিন অন্তত ১০০টি জিপগাড়ি পর্যটক নিয়ে যেত। প্রতিটি জিপগাড়ির ভাড়া ছিল ১২ হাজার টাকা। প্রতিদিন শুধু জিপগাড়িতে অন্তত ১২ লাখ টাকার লেনদেন হতো। পাশাপাশি তিন শতাধিক সিএনজি ও মাহিন্দ্রচালক এ রুটে জীবিকা নির্বাহ করতেন। চালকদের পাশাপাশি গাড়ির সহকারী ও তাদের পরিবারও এখন সংকটে পড়েছে। দীর্ঘদিন গাড়ি চলাচল বন্ধ থাকায় এসব শ্রমজীবী মানুষের জীবনযাপন মানবেতর হয়ে উঠেছে।

বাংলাদেশ ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য ও এফঅ্যান্ডএফ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী উজ্জ্বল দে বলেন, সাজেক প্রায় ৩৮ দিন ধরে বন্ধ থাকায় খাগড়াছড়িতেও পর্যটক আসছেন না। সাজেকের কটেজগুলো খালি পড়ে আছে। পর্যটন মৌসুমে দিনে তাদের কটেজে ৮৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত বুকিং থাকলেও এখন কোনো আয় নেই। কর্মচারীদের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে।

খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু বলেন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন, পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু গ্রুপের) সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য সাজেক রুটে অবরোধ ডেকেছে। এতে পর্যটনকেন্দ্র সাজেক প্রায় স্থবির হয়ে পড়েছে। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্যের লড়াইয়ে তাদের ব্যবসার দুরবস্থা তৈরি হয়েছে। পর্যটনের এই মৌসুমে শুধু খাগড়াছড়িতেই প্রতিদিন প্রায় এক কোটি টাকার লেনদেন হতো। সাজেক বন্ধ থাকায় পর্যটকরা খাগড়াছড়িতে আসছেন না। হোটেলগুলোও প্রায় ফাঁকা।

লোকসান সামাল দিতে গিয়ে অনেক ব্যবসায়ী এখন হোটেল বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন বলে জানান তিনি।

খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্কের তত্ত্বাবধায়ক কান্তি বিকাশ ত্রিপুরা জানান, পর্যটনের এই সময়ে আগে অন্তত সাপ্তাহিক ছুটি ও বন্ধের দিনগুলোতে জেলার বাইরে থেকে পর্যটকদের চাপ থাকত। স্বাভাবিক দিনগুলোতে গড়ে ৫০০ থেকে ৬০০ পর্যটক আসতেন। কিন্তু বর্তমানে সাজেক বন্ধ থাকায় খাগড়াছড়িতে পর্যটক আসছেন না। ফলে পার্কে পর্যটকদের পদচারণা কমে গেছে। পর্যটকদের কথা চিন্তা করে পার্কে জিপ লাইন ও জায়ান্ট সুইং—নতুন দুটি আকর্ষণ যুক্ত করা হয়েছে। তবুও পার্কে পর্যটকদের তেমন সাড়া মিলছে না।

সাজেক পর্যটনকেন্দ্র দ্রুত খুলে না দিলে অদূর ভবিষ্যতে খাগড়াছড়ি তথা সাজেক পর্যটকশূন্য হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, পর্যটনের এই মৌসুমে সাজেকে প্রতিদিন প্রায় দেড় থেকে দুই কোটি টাকার লেনদেন হতো। এর সুফল পেতেন হোটেল, কটেজ, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কিন্তু অনির্দিষ্টকালের অবরোধে সাজেক এখন জনমানবশূন্য। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে কিছুটা আশ্বাস পেলেও স্থায়ী সমাধানের কোনো বাস্তবতা চোখে পড়ছে না বলে জানান তিনি।

সম্প্রতি খাগড়াছড়ি জেলা প্রশাসনের ট্রেজারি কার্যক্রমের নতুন ভবন উদ্বোধনে আসেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি সাংবাদিকদের জানান, সাজেক নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলছে। বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে। এ নিয়ে বিভাগীয় পর্যায়েও পর্যালোচনা চলছে। সাজেক থেকে জেএসএস-সমর্থিত সন্তু লারমা গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদীয় আসনের সংসদ সদস্যরা অবরোধ আহ্বানকারী সংগঠন দুটির সঙ্গে বৈঠকে বসেছিলেন। পর্যটনকেন্দ্র সাজেক আবার চালু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পর্যটনকেন্দ্র চালু করা গেলে এ অঞ্চলের পর্যটনশিল্প আবার ঘুরে দাঁড়াবে বলে জানান বিভাগীয় কমিশনার।

আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তার ও বিরোধের জেরে সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় শুধু পর্যটন ব্যবসাই নয়, বিপাকে পড়েছেন এর সঙ্গে যুক্ত শ্রমজীবী মানুষ ও তাদের পরিবার। দীর্ঘস্থায়ী এই অচলাবস্থা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে খাগড়াছড়ি-সাজেক পর্যটনশিল্পে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন