শিরোনাম
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৯:২১, ২২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে (কেবি কলেজ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৮৫০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে ‘নবীনবরণ ২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও করণীয় বিষয়ে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, কেবি কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এখানে সব সময় সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এত সুন্দর কলেজ বাংলাদেশে খুব কম রয়েছে। এটি আমাদের গর্বের জায়গা।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আগে কলেজের অবস্থা ভালো ছিল না। তবে সেই পরিস্থিতি কাটিয়ে কলেজটি আবার ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় শিক্ষাপ্রতিষ্ঠানটি নতুনভাবে এগিয়ে যাচ্ছে। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি কাউন্সেলিংয়ের সুফল শিক্ষার্থীরা এইচএসসি ও ভর্তি পরীক্ষায় পেয়েছে। ময়মনসিংহ বোর্ডে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়েও আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজের ভালো ফলাফল কোনো জাদুকরি ছোঁয়ায় আসেনি। গতানুগতিক পড়াশোনার বাইরে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে। শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রম, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সহযোগিতা এবং গভর্নিং বডির দিকনির্দেশনা এ অর্জনে ভূমিকা রেখেছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান অর্জন ভবিষ্যতের জন্য একটি প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। উচ্চশিক্ষার ভিত্তি গড়ার এ সময়ে কঠোর অধ্যবসায় ও শিক্ষকদের নির্দেশনা মেনে চললে সফলতা আসবে।
তিনি আরও বলেন, জিপিএ-৫ অর্জনের পাশাপাশি স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলাই কেবি কলেজের লক্ষ্য।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসআই