শিরোনাম
নিটার প্রতিনিধি
প্রকাশ: ১০:৪৭, ২২ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) ‘আইপিই সোসাইটি অব নিটার’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘নিটার আইপিই রিভিল ২০২৬: সিম্ফনি অব এক্সিলেন্স’।
শুক্রবার (২০ নভেম্বর) নিটার ক্যাম্পাসে আয়োজনটির ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশন ও ন্যাশনাল ক্যাড কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশনে অনলাইন ভিডিও কমার্শিয়াল ও শর্ট রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডের মূল্যায়ন শেষে আটটি দল গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়। দলগুলো হলো—ফাইট ক্লাব, মাছের বাজার, নাগা পপস, শর্ষে ইলিশ, দ্য গেম চেঞ্জার্স, টিম হাওয়াই মিঠাই, আনপেইড ইন্টার্নস ও মাস্টারমাইন্ডস।
গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের উপস্থাপনা ও প্রস্তাবনা মূল্যায়নে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রবি আজিয়াটার এরিয়া ম্যানেজার মো. আলতাফ হোসেন রাজু, জাইকা-বিফল প্রকল্পের মার্কেটিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার হুমায়ুন রশীদ, আকিজ ভেঞ্চারের সিনিয়র এক্সিকিউটিভ এসরাত জেবিন লিরা এবং আলটেরিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক ইঞ্জিনিয়ার সায়েদ বিন ওসমানসহ শিল্প ও করপোরেট অঙ্গনের অভিজ্ঞ ব্যক্তিরা।
প্রতিযোগিতার ফলাফলে ন্যাশনাল বিজনেস কেস কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির ‘টিম মাছের বাজার’। প্রথম রানারআপ হয়েছে ইউল্যাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও নিটারের সমন্বয়ে গঠিত ‘টিম শর্ষে ইলিশ’। দ্বিতীয় রানারআপ হয়েছে বিইউপি ও এনএসইউর সমন্বয়ে গঠিত ‘টিম নাগা পপস’।
অন্যদিকে, ন্যাশনাল ক্যাড কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘টিম ওভারডিফাইন’। প্রথম রানারআপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ‘টিম পেনলিন্টা’। দ্বিতীয় রানারআপ হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘টিম ওভারডিফাইন’।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান প্রদর্শনের সুযোগ করে দেয়। পাশাপাশি শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপন এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বিকাশেও এমন আয়োজন ভূমিকা রাখছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস