ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

জাককানইবি

হলের খাবারে লার্ভা, প্রভোস্টের টেবিলে প্লেট রেখে এলেন শিক্ষার্থী

জাককানইবি প্রতিনিধি

প্রকাশ: ১২:০৬, ১৭ নভেম্বর ২০২৬

হলের খাবারে লার্ভা, প্রভোস্টের টেবিলে প্লেট রেখে এলেন শিক্ষার্থী

ছবি: ঢাকা এক্সপ্রেস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিদ্রোহী হলের ডাইনিংয়ে পরিবেশিত শিমের তরকারিতে আবারও পোকামাকড়ের লার্ভা পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে লার্ভাসহ খাবারের প্লেট নিয়ে হল প্রভোস্টের কক্ষে যান এক শিক্ষার্থী। তবে প্রভোস্টকে কক্ষে না পেয়ে প্লেটটি তার টেবিলে রেখে আসেন তিনি।

একই হলের ডাইনিংয়ে কয়েক দিনের ব্যবধানে একাধিকবার খাবারে পোকামাকড় পাওয়ার অভিযোগ ওঠায় ডাইনিং ব্যবস্থাপনা ও প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী জানান, বন্ধুদের সঙ্গে দুপুরের খাবার খেতে গিয়ে তিনি শিমের তরকারি নিয়েছিলেন। কিছুটা খাওয়ার পর শিমের ভেতরে লার্ভা দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডাইনিং পরিচালককে জানালে তারা খাবার পরিবর্তন করে দেওয়ার প্রস্তাব দেন। তবে অভিযোগটি সরাসরি প্রভোস্টকে দেখাতে প্লেট নিয়ে তার কক্ষে যান ওই শিক্ষার্থী। প্রভোস্টকে না পেয়ে লার্ভাসহ প্লেটটি তার টেবিলে রেখে ফিরে আসেন।

শিক্ষার্থীর অভিযোগ, বিদ্রোহী হলের ডাইনিংয়ে খাবারে পোকামাকড় পাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার খাবারে পোকামাকড়, লার্ভা ও টিকটিকি পাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরও কার্যকর নজরদারি ও দৃশ্যমান প্রতিকার না থাকায় শিক্ষার্থীদের বারবার একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার খাবারে পোকামাকড়, লার্ভা, এমনকি টিকটিকিও পাওয়া গেছে। সব মিলিয়ে একবারে যাচ্ছেতাই অবস্থা। প্রশাসনের কোনো নজরদারি নেই, শিক্ষার্থীদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ববোধও নেই।’

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানান, তিনি ছুটিতে থাকায় সর্বশেষ ঘটনার বিষয়ে অবগত নন। তবে এর আগেও ডাইনিং পরিচালককে সতর্ক করেছিলেন। নতুন অভিযোগের পর আবারও তাকে সতর্ক করবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর রাতে একই হলের ডাইনিংয়ে পরিবেশিত তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। এর আগের দিন ৮ নভেম্বর সকালে একই হলের খিচুড়িতে লার্ভা পাওয়ার অভিযোগ করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। এ ছাড়া গত ২৯ অক্টোবর খাবারে তেলাপোকার বাচ্চা পাওয়ার অভিযোগ করেছিলেন ব্যবস্থাপনা বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আমির হামজা।

শুধু বিদ্রোহী হল নয়, একই ধরনের অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়েও। গত ২৭ অক্টোবর সেখানে ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ করেন শিক্ষার্থী আরেফিন তানভীর। এ ঘটনায় ডাইনিং পরিচালককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে জানিয়েছিলেন হলটির প্রভোস্ট মো. হারুনুর রশিদ। পরদিন ২৮ অক্টোবর ডালের মধ্যে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগও ওঠে। তবে ওই ঘটনায় শিক্ষার্থী ও ডাইনিং পরিচালকের বক্তব্যে ভিন্নতা ছিল। অভিযোগটির বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।

এদিকে, আগের একাধিক অভিযোগের পাশাপাশি ডাইনিংয়ের রান্না ও পরিবেশনের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে। বিদ্রোহী হলের ডাইনিংয়ে সরেজমিনে থালাবাসন পড়ে থাকতে এবং মেঝেতে মাছ পরিষ্কারের দৃশ্য দেখা গিয়েছিল। কাঁচা মাছের ওপর মাছি উড়তেও দেখা যায়। এসব ঘটনায় ডাইনিংয়ের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন এর আগে জানিয়েছিলেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একই হলে কয়েক দিনের ব্যবধানে খাবারে লার্ভা ও পোকামাকড় পাওয়ার একাধিক অভিযোগ উঠলেও সেগুলোর বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। ফলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ডাইনিং পরিচালনায় দায় নির্ধারণ এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি আরও জোরালো হচ্ছে।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন