শিরোনাম
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১১:২৪, ২০ নভেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভেতরে এ ঘটনা ঘটে।
মিজুর অভিযোগ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা করেন। তবে তায়েফ মাহমুদের দাবি, মিছিলের আগে মিজু কেন্দ্রীয় নেতাদের অনুমতি নেননি। বরং মিজুর অনুসারীরাই প্রথমে তায়েফ, সিফাতসহ তাদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। অন্যদিকে, হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব।
সোহরাওয়ার্দী হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করতে বের হন। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনা ঘটে। মিছিল শেষে হলে ফেরার সময় আবারও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়।
সোহরাওয়ার্দী হলের কৃষি অনুষদের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মিছিল শেষ করে হলে ফেরার পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতি শুরু হয়। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি মোবাইল ফোনও ভাঙচুর করা হয়েছে।’
ভুক্তভোগী মেজবাউল হক মিজু বলেন, ‘রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে হলের (সোহরাওয়ার্দী হল) দিকে আসছিলাম। তখন ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তাদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ এবং সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হল থেকে ৪০ থেকে ৫০ জন আমাদের ওপর হঠাৎ করেই হামলা করেন।’
তিনি আরও বলেন, ‘এ এম শোয়াইব সোহরাওয়ার্দী হলের দায়িত্বে আছেন এবং শফিকুল ইসলাম মাওলানা ভাসানী হলের দায়িত্বে আছেন। শফিকুল ইসলাম আমাকে গতকাল (বুধবার) হত্যার হুমকি দিয়েছিলেন। আর আজ আমার ওপর অতর্কিত হামলা হয়েছে। হামলাকারীরা আমার একটি ফোনও ছিনিয়ে নিয়ে গেছেন।’
অভিযোগের বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, ‘সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ছাত্রদলের সবাই অনেক সোচ্চার। তবে যেকোনো মিছিল-মিটিং করার আগে অবশ্যই কেন্দ্র থেকে অনুমতি নিতে হয়। আজ যখন মিজু সোহরাওয়ার্দী হলের জুনিয়রদের নিয়ে মিছিল করতে বের হন, তখন তাদের জিজ্ঞেস করি, তারা অনুমতি নিয়েছেন কি না। সেই সময় মিজু উত্তরে বলেন, তিনি কেন্দ্রীয় নেতৃত্ব মানেন না। ঠিক তখন তার অনুসারী কয়েকজন আমার এবং সিফাতসহ কয়েকজনের ওপর হামলা করেন। আমরা ওই সময় হামলা প্রতিহত করতে থাকি। এরই মধ্যে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। গত ৫ নভেম্বর একইভাবে আমাদের ওপর হামলা করেছিলেন মিজুর অনুসারীরা।’
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা তিনটি হলের দেখভালের দায়িত্ব ভাগ করে নিয়েছি। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। যিনি অভিযোগ করেছেন, আমার প্রতি তার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে। আমার বাড়ি ময়মনসিংহে হওয়ায় অনেকে মনে করেন, আমি হয়তো এলাকার প্রভাব খাটাই। তবে ওই ঘটনার সময় আমি ক্যাম্পাসেও উপস্থিত ছিলাম না।’
ভাসানী হলের শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘সাধারণত কোনো হলে মারামারির ঘটনা ঘটলে অন্য হলের শিক্ষার্থীরা তা দেখতে যায়। হয়তো আজও এমনটিই হয়েছে। তবে এ বিষয়ে ভাসানী হল থেকে কেউ আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি।’
অভিযোগের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, ‘এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ধরনের উল্টাপাল্টা অভিযোগ দিচ্ছেন। মিজু ছাত্রলীগের অনুসারী। তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। তাই ছাত্রলীগকে আলোচনায় আনা এবং ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এ ধরনের অভিযোগ দিচ্ছেন। হলের সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে, আমার নেতৃত্বে কিছু হয়েছে কি না। আমি কোনোভাবেই এর সঙ্গে সম্পৃক্ত নই।’
ঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমি আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। যেহেতু তাদের কথা অনুযায়ী, দুই পক্ষেরই দোষ রয়েছে। আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আগে নিশ্চিত হতে চাই, প্রকৃত দোষী কারা। এরপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস