শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৫২, ২০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
শিশুকে পড়াশোনায় মনোযোগী করে গড়ে তুলতে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করা এবং পড়ার জন্য শান্ত ও কোলাহলমুক্ত পরিবেশ নিশ্চিত করা কার্যকর উপায়। বাবা-মায়ের ধৈর্য, সঠিক কৌশল ও ইতিবাচক আচরণ শিশুর শেখার আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। সব মা-বাবাই চান, সন্তান পড়াশোনায় ভালো করুক।
তবে শিশুকে পড়াশোনায় মনোযোগী করতে জোর না করে সহানুভূতিশীল, আনন্দময় ও রুটিনমাফিক পরিবেশ তৈরি করা জরুরি। অনেক পরিবারে ভালো ফলের আশায় শিশুর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়, যা মোটেও ঠিক নয়।
উদ্বেগের বিষয় হলো, শিশুদের শেখার আগ্রহ কমছে। এর পেছনে বিভিন্ন কারণ থাকলেও স্মার্টফোনের প্রভাব গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বই পড়ার বদলে শিশুরা সামাজিক মাধ্যমে স্ক্রল করছে ও ছোট ভিডিও দেখছে। এতে তারা অনেক কিছু শিখছে বলে মনে করলেও দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখার অভ্যাস কমে যাচ্ছে।
পড়াশোনায় অনীহা বা মনোযোগের অভাবের পেছনে হতাশা ও নিরুৎসাহও থাকতে পারে। অনেক শিশু অবাধ্যতা বা উদাসীনতার আড়ালে নিজেদের হতাশা লুকিয়ে রাখে।
তবে প্রতিটি শিশুরই কোনো না কোনো বিষয়ে আগ্রহ ও ভালো করার ইচ্ছা থাকে। মনোযোগ ও শেখার ক্ষেত্রে অশনাক্ত সমস্যাও হতাশার কারণ হতে পারে। এসব বিষয়ে মা-বাবা ও শিক্ষকদের সচেতন থাকা জরুরি। শেখার সামান্য সমস্যাও শিশুর উদ্বেগ, হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি বাড়াতে পারে।
বিভিন্ন বয়সের শিক্ষার্থীর ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকর বলে মনে করেন অনেক পরিবার। এতে শিশুর মধ্যে আত্মনিয়ন্ত্রণের অভ্যাস তৈরি হয়, পরিবারের সদস্যদের মধ্যে পড়াশোনা নিয়ে বিরোধ কমে এবং স্কুলে ভালো করার সুযোগ বাড়ে।
পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে শিশুকে মোবাইল ও অন্যান্য যন্ত্র থেকে দূরে রেখে নির্দিষ্ট সময়ে পড়তে বসান। সন্ধ্যার শুরুতে পরিবারের সবাই মিলে ‘লাইব্রেরি আওয়ার’ রাখতে পারেন। এ সময় টেলিভিশন, ভিডিও গেম ও মোবাইল বন্ধ থাকবে।
এ জন্য রান্নাঘর বা খাবার টেবিলের মতো পারিবারিক জায়গায় শিশুর পড়ার ব্যবস্থা করুন। ছোট শিশুর পড়ার সময় পাশে থাকুন, যাতে প্রয়োজনে সাহায্য ও উৎসাহ দিতে পারেন। পড়াশোনা শেষে তাদের খেলাধুলার সুযোগ করে দিন। তবে পড়াশোনার প্রয়োজনে কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করা যাবে।
শিশুর মধ্যে কোনো হতাশা থাকলে তা দূর করতে সমালোচনার চেয়ে উৎসাহ বেশি দিন। দক্ষতা বাড়াতে ভুল ধরিয়ে দেওয়া প্রয়োজন হলেও পাশাপাশি উৎসাহ দিতে হবে। উৎসাহ দেওয়া মানে মিথ্যা প্রশংসা নয়; শিশুর ছোট ছোট অগ্রগতিও খেয়াল করতে হবে। শুধু ভুল নয়, তার উন্নতির দিকগুলো নিয়েও কথা বলুন। নতুন কিছু শেখা বা চ্যালেঞ্জ নেওয়ার সময় উৎসাহ পেলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে।
শিশুকে বোঝান, চেষ্টা ও অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়ানো সম্ভব। জন্মগত প্রতিভা বা বুদ্ধিমত্তার চেয়ে তার প্রচেষ্টার প্রশংসা করুন। ভালো নম্বর পাওয়ার পাশাপাশি নতুন কিছু শেখার জন্যও উৎসাহ দিন। এতে শিশুর মধ্যে নিজে থেকে ভালো করার মানসিকতা তৈরি হবে। ফলে মা-বাবার বারবার তাগাদা দেওয়ার প্রয়োজন হবে না।
শিশুর পছন্দের বিষয়গুলো আপনার ভালো না লাগলেও সেগুলোর প্রতি আগ্রহ দেখান। শেখার আগ্রহ তৈরি হয় কৌতূহল থেকে। তাই শিশুর প্রশ্ন ও জানার আগ্রহকে উপেক্ষা না করে উৎসাহ দিন। তার পছন্দের বিষয় নিয়ে কথা বলুন, প্রশ্ন করুন এবং একসঙ্গে জানার চেষ্টা করুন। আগ্রহকে কোনো কাজ বা লক্ষ্যে রূপ দিতেও সাহায্য করুন। পুরস্কার বা শাস্তির ভয় দেখিয়ে সাময়িক মনোযোগ বাড়ানো গেলেও এতে শেখার প্রকৃত আগ্রহ তৈরি হয় না।
শিশু স্কুলে কী শিখছে, তা নিয়েও কথা বলুন। ইতিহাস, বিজ্ঞান, সাহিত্যসহ বিভিন্ন বিষয় কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে সেগুলো সমাজের উপকারে আসতে পারে, তা বোঝান। এ ধরনের কথোপকথন স্মার্টফোনের প্রতি আসক্তি কমাতেও সাহায্য করতে পারে। তাই বাড়ির কাজের খোঁজ নেওয়ার আগে স্কুলে কী শিখেছে, তা জানতে চান।
অনেক শিশু নিজেদের ভালো দিকগুলো বুঝতে পারে না। তাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও পরিশ্রমের স্বীকৃতি দিলে আত্মবিশ্বাস বাড়ে। এই স্বীকৃতি দীর্ঘদিন তাদের মনে ইতিবাচক প্রভাব ফেলে। শুধু ভালো নম্বর বা ব্যক্তিগত সাফল্যকে জীবনের লক্ষ্য মনে করলে শিশুর শেখার আগ্রহ কমতে পারে। এতে উদ্বেগ ও মানসিক চাপও বাড়ে। তাই সাফল্যকে পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করার সুযোগ হিসেবে তুলে ধরুন। সমাজের উপকার হয় এমন কাজে শিশুকে যুক্ত করুন এবং নিজেরাও অংশ নিন।
ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।
ঢাকা এক্সপ্রেস/এসএস