শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৪৩, ১০ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি মেটাতে অনেকে বিভিন্ন ধরনের ওষুধ ও সাপ্লিমেন্ট গ্রহণ করেন। পাশাপাশি কেউ কেউ ঘরোয়া উপায়ও অবলম্বন করেন।
সম্প্রতি অনেকের মুখেই কালো তিল খাওয়ার কথা শোনা যাচ্ছে। কিন্তু এই কালো তিল কতটা উপকারী, তা কি জানা আছে?
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কালো তিল খেলে চুল পড়া কমতে পারে, ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে এবং শরীরে শক্তি পাওয়া যায়। এমনকি নারীদের ঋতুস্রাবের অনিয়মও কিছুটা কমতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমেও টানা তিন মাস তিল খাওয়ার নানা উপকারিতা নিয়ে আলোচনা ছড়িয়ে পড়েছে।
চিকিৎসকদের মতে, অনেকেই কালো তিলকে শুধু খাবারের স্বাদ বাড়ানোর উপকরণ মনে করেন। তবে ধারণাটি ঠিক নয়। পুষ্টিগুণের দিক থেকেও কালো তিল বেশ সমৃদ্ধ।
এতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। শরীরে হিমোগ্লোবিন তৈরিতে আয়রন প্রয়োজন। অন্যদিকে হাড় ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম ভূমিকা রাখে।
এ ছাড়া স্বাস্থ্যকর চর্বি ও উদ্ভিজ্জ উপাদান শরীরের সামগ্রিক পুষ্টিতে ভূমিকা রাখে। এ কারণে খাদ্যতালিকায় অল্প পরিমাণে হলেও নিয়মিত কালো তিল রাখলে পুষ্টির ঘাটতি পূরণে উপকার পাওয়া যেতে পারে। এর ইতিবাচক প্রভাব ক্লান্তি কমানো, ত্বক ভালো রাখা ও চুলের স্বাস্থ্য রক্ষায় দেখা যেতে পারে।
তবে এ নিয়ে কিছু ভুল ধারণাও রয়েছে। কালো তিল খেলে চুল পড়া বন্ধ হবে, রক্তাল্পতা সেরে যাবে কিংবা হরমোনের সমস্যা দূর হবে—এমনটি ভাবা ঠিক নয়।
ডা. অনিকেতের মতে, কালো তিলে থাকা আয়রন নন-হিম আয়রন, যা শরীর তুলনামূলক কম শোষণ করে। এ কারণে আয়রনের ঘাটতি থাকলে তিলের সঙ্গে ভিটামিন সি-সমৃদ্ধ খাবার খেলে উপকার পাওয়া যেতে পারে। তবে মাঝারি বা গুরুতর রক্তাল্পতার ক্ষেত্রে শুধু তিলের ওপর নির্ভর করা যাবে না। প্রয়োজনে রক্ত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং নির্দিষ্ট আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে।
আবার অনেকেই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যায় তিলকে ওষুধ বা নিশ্চিত সমাধান মনে করেন। এটিও ভুল। পুষ্টির ঘাটতি বা মানসিক চাপের কারণে ঋতুচক্রে সমস্যা হলে সুষম খাবার সহায়ক হতে পারে। তবে পিসিওএস, থাইরয়েডের সমস্যা বা ওজনের পরিবর্তনের মতো কারণেও ঋতুস্রাব অনিয়মিত হতে পারে। এ ক্ষেত্রে সমস্যার কারণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।
সীমাবদ্ধতা জানার পরও কালো তিল কেন খাবেন, এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারে। কারণ, অল্প পরিমাণ কালো তিল খেলেও শরীরে কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। বিশেষ করে যাদের খাদ্যতালিকায় আয়রন, ক্যালসিয়াম বা স্বাস্থ্যকর চর্বির ঘাটতি রয়েছে, তাদের জন্য কালো তিল হতে পারে সহজলভ্য একটি সংযোজন।
নিয়মিত সুষম খাবারের অংশ হিসেবে কালো তিল খাওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে, কালো তিল একাই শরীর সুস্থ রাখে না; বরং পুরো খাদ্যাভ্যাসই সুস্থতায় অবদান রাখে। এ ছাড়া যেকোনো শারীরিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস