ঢাকা, রোববার, ২৫ অক্টোবর ২০২৬

১০ কার্তিক ১৪৩৩, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

প্রাক্তনকে ভুলে যাওয়ার ৫ উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩:১৫, ২৫ অক্টোবর ২০২৬

প্রাক্তনকে ভুলে যাওয়ার ৫ উপায়

ছবি: সংগৃহীত

অতীত সম্পর্ক ভুলে সামনে এগিয়ে যাওয়ার কোনো শর্টকাট নেই। এক দিনেই প্রাক্তনকে ভুলে যাবেন, এমনটা ভাবলে হতাশ হতে পারেন। কারণ, তার সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্তের স্মৃতি সহজে মুছে ফেলা যায় না। কষ্ট কিংবা আনন্দের সময়ে সেই স্মৃতিগুলো ভুলে থাকাও কঠিন। সম্পর্কটি আর চালিয়ে নেওয়া সম্ভব ছিল না বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে সেই বিচ্ছেদ মেনে নিতেও সময় প্রয়োজন। তাই নিজেকে সেই সময়টুকু দিতে হবে। মনের ওপর জোর চলে না, ধীরে ধীরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। জেনে নিন, বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠতে কী করবেন।

১. বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন

মানসিক স্বস্তি পেতে একজন ভালো বন্ধুর ভূমিকা অনেক। বিশেষ করে এমন বন্ধু, যিনি মন দিয়ে আপনার কথা শোনেন। বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়লে বন্ধুর কাছে গিয়ে নিজের কষ্ট প্রকাশ করতে কিংবা কাঁদতে দ্বিধা করবেন না। আপনার সব সমস্যার সমাধান বন্ধুর জানা না থাকলেও তিনি আপনাকে মানসিক সমর্থন দিতে পারেন। কী করা উচিত আর কী এড়িয়ে চলা প্রয়োজন, সে বিষয়ে পরামর্শও দিতে পারেন। তাই প্রয়োজনের সময় সাহায্য চাইতে সংকোচ করবেন না। একাকিত্ব এড়াতে বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন।

২. নিজেকে ব্যস্ত রাখুন

বিচ্ছেদের কষ্ট সামলানোর অন্যতম উপায় হলো নিজের জন্য একটি সৃজনশীল লক্ষ্য নির্ধারণ করা এবং সেটি অর্জনে মনোযোগী হওয়া। প্রাক্তনের কথা ভেবে বারবার কষ্ট পাওয়ার পরিবর্তে তাৎক্ষণিক লক্ষ্যগুলোর দিকে মন দিন। সেগুলো অর্জনের জন্য চেষ্টা করুন। নিজের কাজে সাফল্য পেলে আত্মবিশ্বাস ও আত্মসম্মান বাড়বে। একই সঙ্গে অতীতের সম্পর্কের স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াও সহজ হবে।

৩. নিজেকে সময় দিন

বিচ্ছেদের পর শুধু মানসিক স্বস্তি কিংবা মনোযোগ পাওয়ার জন্য নতুন সম্পর্কে জড়ানোর তাড়াহুড়ো করবেন না। বরং নিজেকে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার সময় দিন। নতুন সম্পর্কে যাওয়ার আগে পুরোনো সম্পর্কের কারণে তৈরি হওয়া মানসিক ক্ষত কাটিয়ে ওঠা জরুরি। এই সময়টিতে নিজেকে বুঝতে শিখুন, নিজের প্রতি যত্নশীল হোন এবং ব্যক্তি হিসেবে নিজেকে আরও সমৃদ্ধ করে তোলার চেষ্টা করুন।

৪. পরিস্থিতি মেনে নিন

বিচ্ছেদের বাস্তবতা মেনে নিতে পারলে সামনে এগিয়ে যাওয়া সহজ হয়। তাই মিথ্যা আশা বা বিভ্রমে আটকে না থেকে বাস্তবতাকে স্বীকার করুন। মেনে নিন, সেই মানুষটি আর আপনার জীবনের অংশ নন। বিষয়টি গ্রহণ করা কঠিন হলেও বাস্তবতার মুখোমুখি হওয়া জরুরি। একবার পরিস্থিতি মেনে নিতে পারলে পুরোনো সম্পর্কের মায়া কাটিয়ে নতুনভাবে জীবন শুরু করা সহজ হবে।

৫. প্রাক্তনের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলুন

প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে পুরোনো স্মৃতি বারবার ফিরে আসতে পারে, যা আপনার কষ্ট বাড়িয়ে দিতে পারে। এখনো যদি তার সামাজিক যোগাযোগমাধ্যমের গল্প দেখেন কিংবা বিভিন্ন মাধ্যমে তাকে অনুসরণ করেন, তাহলে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আরও কঠিন হতে পারে। তাই প্রয়োজনে এসব থেকে দূরে থাকুন। প্রাক্তনের জীবন নিয়ে খোঁজখবর নেওয়ার পরিবর্তে নিজের কাজ, লক্ষ্য ও ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন