শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০৯, ১১ অক্টোবর ২০২৬
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সৌন্দর্য ও স্বাভাবিক উজ্জ্বল ত্বক বরাবরই অনুরাগীদের আকর্ষণ করে। তবে ঝলমলে ত্বকের জন্য সব সময় দামি প্রসাধনী কিংবা একাধিক রূপচর্চার উপকরণ প্রয়োজন হয় না। ঘরোয়া উপাদান দিয়েও ত্বকের যত্ন নেওয়া সম্ভব।
সম্প্রতি অভিনেত্রীর রূপচর্চার একটি সহজ পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই ফেসপ্যাক তৈরিতে খরচ হয় ১০ টাকারও কম।
ইয়ামি গৌতমের মতে, ত্বকের যত্নে প্রাচীন ঘরোয়া পদ্ধতির গুরুত্ব রয়েছে। একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের প্রাকৃতিক উপাদান হিসেবে হলুদের কথা জানিয়েছিলেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, হলুদ শুধু রান্নার মসলা নয়, ঐতিহ্য ও রূপচর্চার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে।
ইয়ামি জানিয়েছেন, তাঁর ত্বক বেশ সংবেদনশীল। শুটিংয়ের সময় গায়েহলুদের দৃশ্য ধারণ করতে গিয়ে তিনি নিজেও ত্বকে হলুদ ব্যবহার করে দেখার সিদ্ধান্ত নেন। সে সময় হলুদের সঙ্গে সামান্য মুলতানি মাটি মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করেছিলেন। মিশ্রণটি তাঁর ত্বকে বেশ ভালো কাজ করেছিল বলে জানান অভিনেত্রী। এ কারণে হলুদকে নিজের পছন্দের ঘরোয়া উপাদানগুলোর অন্যতম বলে মনে করেন তিনি।
ফেসপ্যাক তৈরির উপকরণ
- এক টেবিল চামচ মুলতানি মাটি
- এক চিমটি হলুদের গুঁড়া
- প্রয়োজনমতো পানি বা গোলাপজল
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পরিষ্কার পাত্রে মুলতানি মাটি ও হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি বা গোলাপজল দিয়ে মিশ্রণটি মসৃণ করে নিন।
পরিষ্কার মুখে পাতলা করে ফেসপ্যাকটি লাগাতে হবে। খেয়াল রাখতে হবে, যেন মিশ্রণটি চোখে না যায়। পাঁচ থেকে ১০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
ব্যবহারের আগে সতর্কতা
প্রাকৃতিক উপাদান মানেই যে তা সবার ত্বকের জন্য নিরাপদ, এমন নয়। বিশেষ করে সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। মুখে ব্যবহারের আগে হাতের ভেতরের দিকে বা কানের পেছনে অল্প মিশ্রণ লাগিয়ে পরীক্ষা করে নিতে পারেন। সম্ভব হলে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করুন।
জ্বালা, চুলকানি বা ত্বকে লালচে ভাব দেখা দিলে মিশ্রণটি ব্যবহার করবেন না। ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলেও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে।
ঢাকা এক্সপ্রেস/এসএস