শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:০১, ১১ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জনের। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
ঢাকা এক্সপ্রেস/এসআই