শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১৮, ৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:১৯, ৬ অক্টোবর ২০২৬
ফাইল ছবি
‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় লটারিতে নির্বাচিত ১ হাজার ৪৭২ জন নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় কার্যক্রমটির ইমপ্যাক্ট অ্যাসেসমেন্টের অংশ হিসেবে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে এসব নারীকে নির্বাচন করা হয়েছে।
অনুদান দেওয়ার আগে নির্বাচিত নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর যাচাই করা হবে। এ কাজ সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন করার অনুমোদন দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অনুমোদনের পর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং আয়বর্ধক কাজে যুক্ত করতেই এ অনুদান দেওয়া হচ্ছে। ক্ষুদ্র ব্যবসা বা আয়মূলক কাজে অর্থ বিনিয়োগের মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই