ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮

দুর্নীতিবাজ শনাক্তে কমিটি, বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতিবাজ শনাক্তে কমিটি, বিদেশ সফরে কড়াকড়িসহ সচিবদের ২৩ নির্দেশনা

ফাইল ছবি

দুর্নীতির অভিযোগ থাকা কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে অভ্যন্তরীণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। একই ব্যক্তির বারবার বিদেশ সফর নিরুৎসাহিত করতেও বলা হয়েছে। সরকারি অফিসে সোলার প্যানেল স্থাপন ও ডিজিটাল হাজিরা চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে। সচিবদের জন্য মোট ২৩টি নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সচিব সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। পরে সিদ্ধান্তগুলো লিখিতভাবে সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়।

সভায় বলা হয়, একাধিক কর্মস্থলে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে অভ্যন্তরীণ কমিটি গঠন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

একই কর্মকর্তা বা কর্মচারীর বারবার বিদেশ সফর নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর অগ্রগতি প্রতিবেদন দুই মাস পরপর বিদ্যুৎ বিভাগে পাঠাতে হবে।

সরকারি অফিসে কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরার তথ্য কেন্দ্রীয় ড্যাশবোর্ডে যুক্ত করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

সরকারি দপ্তরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের অফিসগুলোকে প্রতি ১৫ দিন পরপর এ বিষয়ে প্রতিবেদন দিতে হবে।

চাকরিসংক্রান্ত বিষয়ে তদবির করলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনার তথ্য সংরক্ষণে ডোসিয়ার তৈরির কথাও বলা হয়েছে।

এ ছাড়া ডি-নথিতে কার্যক্রম সম্পন্ন, নির্ধারিত সময়ে চিঠি ও নথি নিষ্পত্তি, শূন্য পদ দ্রুত পূরণ এবং অপ্রয়োজনীয় পদ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। সেবাপ্রত্যাশীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত, সাংগঠনিক কাঠামো হালনাগাদ, কর্মচারীদের কর্মজীবন পরিকল্পনা এবং ক্যাডারভিত্তিক বার্ষিক প্রতিবেদন পাঠানোর নির্দেশও রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন