শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:২৯, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী একটি বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। তবে বিষয়টি রাজনৈতিক নয় বলে দাবি করেছে ইসলামাবাদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ফ্লাইটের রুট ও আকাশসীমা ব্যবহারের অনুমতি কারিগরি ও প্রক্রিয়াগত বিষয়। কূটনৈতিক ফ্লাইটের আবেদন প্রচলিত নিয়ম ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক প্রটোকল অনুযায়ী পর্যালোচনা করা হয়।
হাইকমিশন জানায়, এ ধরনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এতে কখনো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তনও আসতে পারে।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, ইউরেনিয়ামবাহী বিমানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে সেটি আসতে পারেনি।
রূপপুর প্রকল্পের কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট রুটে একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করতে হয়। পাকিস্তানের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়।
পরে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, অক্টোবর থেকে আবার ইউরেনিয়াম সরবরাহ শুরু হবে। বছরের শেষ নাগাদ চালানগুলো সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই