শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:২১, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
ইরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। জাতীয় ও গোলার্ধীয় নিরাপত্তা, আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ইরানের কথিত সংশ্লিষ্টতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯ সেপ্টেম্বর থেকেই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। তবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলেও দুই দেশের কনস্যুলার সম্পর্ক বহাল থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসী ও মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর কথিত যোগাযোগ এবং তা থেকে কলম্বিয়ার নিরাপত্তার সম্ভাব্য হুমকি সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে।
ইরানে মানবাধিকার লঙ্ঘন, মধ্যপ্রাচ্যের সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন দেশগুলোর ওপর হামলা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার বিষয়ও বিবেচনা করেছে কলম্বিয়া।
এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি যাচাইয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রমে দেশটির কর্তৃপক্ষের বাধা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এসব কারণে ইরান সরকারের ওপর কলম্বিয়ার আস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
নতুন প্রেসিডেন্ট আবেলবার্দো দে লা এসপ্রিয়েয়া গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর কলম্বিয়ার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনেন। তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই