ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

১০ আশ্বিন ১৪৩৩, ১২ রবিউস সানি ১৪৪৮

পুলিশকে ফাঁকি দিয়ে ওয়াই-ফাইতেই ধরা মাদক কারবারি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:২৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশকে ফাঁকি দিয়ে ওয়াই-ফাইতেই ধরা মাদক কারবারি

ছবি: সংগৃহীত

বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ সে প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, একটি পাবলিক ওয়াই-ফাইতে তার একটি ডিভাইস সংযুক্ত হয়ে যাওয়ায় এ মাদক কারবারি ধরা পড়েন।

‘ববি’ নামের একটি মাদক সিন্ডিকেট চালাতেন ৩৪ বছর বয়সী মাদক কারবারি জোয়েল লুইস। তিনি উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েম্বলিতে বসবাস করতেন। তার মাদক চক্র নর্থ কিলবার্ন এলাকায় কোকেন ও হেরোইন সরবরাহ করত।

মাদক সরবরাহে জড়িত সন্দেহে আটক কিছু শিশুর মোবাইল ফোন পরীক্ষা করার পর পুলিশ এ চক্রের বিষয়ে তদন্ত শুরু করে।

এরই অংশ হিসেবে গত ৭ জুলাই লুইসের ওয়েম্বলির বাড়িতে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার এড়াতে লুইস একটি আলমারির ভেতর লুকিয়ে পড়েন। তারপরও পুলিশ সদস্যরা দ্রুতই তাকে খুঁজে বের করেন। গ্রেপ্তারের পর লুইস এতটাই অবাক হন যে জিজ্ঞেস করে বসেন, ‘আপনারা আমাকে কীভাবে খুঁজে পেলেন?’

নিজের অবস্থান লুকাতে বেশ সতর্ক ছিলেন লুইস। নিজের ডিভাইসে ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করতেন তিনি। তিনি যেখানে অবস্থান করছিলেন, সে ঠিকানার একটি পাবলিক ওয়াই-ফাইয়ের সঙ্গে তার একটি ডিভাইস যুক্ত হতেই পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

অভিযানকালে পুলিশ আনুমানিক ৮ হাজার ৮০০ পাউন্ড মূল্যের ‘এ’ শ্রেণির মাদক- কোকেন ও হেরোইন- উদ্ধার করে। পাশাপাশি নগদ প্রায় ৮ হাজার পাউন্ড ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা ফোনগুলোর একটি সরাসরি ‘ববি’ মাদক সিন্ডিকেটের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল।

এছাড়া ওই বাড়ি থেকে একটি গুলিসহ আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড ৯ মিলিমিটার গুলি, একটি মাচেতে (বড় ছুরি) ও একটি ফ্লিপ নাইফ উদ্ধার করা হয়।

লুইসের মোবাইল ফোনের তথ্য পরীক্ষা করে দেখা গেছে, ২৫০ জন মাদকসেবীর একটি কন্টাক্ট তালিকা রয়েছে। সেখান থেকে প্রতিদিন তার ফোনে শতাধিক কল আসত।

তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা কনস্টেবল লরেন গ্রেস্টি জানান, নর্থ কিলবার্ন এলাকায় মাদক সরবরাহে তরুণদের ব্যবহার করতেন লুইস। এর প্রভাবে তারা সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

কোকেন ও হেরোইন সরবরাহের অপরাধে হ্যারো ক্রাউন কোর্ট লুইসকে ১২ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন