শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নেতৃত্ব কার হাতে উঠবে, এ নিয়ে জল্পনা ছিল বেশ কিছুদিন ধরেই। সম্ভাব্য অধিনায়ক হিসেবে ক্রিস্তিয়ান রোমেরোর নাম অবশ্য আলোচনায় ছিল সবার আগে। এবার সে অপেক্ষার অবসান ঘটালেন কোচ লিওনেল স্কালোনি।
মেসির পর আলবিসেলেস্তেদের অধিনায়ক হিসেবে রোমেরোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময় মেসির হাতেই ছিল অধিনায়কের আর্মব্যান্ড। ২০২৬ বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ এখন কেবল সময়ের অপেক্ষা। মেসির পর নেতৃত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রোমেরো।
বিশ্বকাপের পর বিরতি শেষে আবার শুরু হয়েছে ফিফার আন্তর্জাতিক সূচি। নতুন চক্রের প্রথম উইন্ডোতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচগুলোর প্রস্তুতির অংশ হিসেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে স্কালোনি রোমেরোর অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেন।
স্কালোনির ভাষায়, অধিনায়ক হবে কুতি (ক্রিস্তিয়ান)। লিও (লিওনেল মেসি) ও ওতা’র (নিকোলাস ওতামেন্দি) পর সে আগে থেকেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানোও (মার্টিনেজ) আর্মব্যান্ড পরতে পারে। আসন্ন প্রথম দুটি ম্যাচ না খেললেও রদ্রিগো (ডি পল) এটি (আর্মব্যান্ড) পরতে পারে। লাউতারোও (মার্টিনেজ) পরতে পারে। কুতিই উপযুক্ত ব্যক্তি।
স্কালোনির এই বক্তব্যে রোমেরোর অধিনায়কত্ব নিয়ে আর কোনো সংশয় থাকল না। যদিও এত দিন বিষয়টি অনেকটাই অনুমিত ছিল। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারের নেতৃত্বগুণ এবং রক্ষণভাগ থেকে সতীর্থদের সংগঠিত করার সামর্থ্যের ওপর আস্থা আছে স্কালোনির।
তবে এই সিদ্ধান্ত কতটা দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০২৭ সালেও স্কালোনি আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। ফলে ভবিষ্যতে অধিনায়কত্বের সিদ্ধান্তে পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত অবশ্য স্কালোনির পছন্দের অধিনায়ক রোমেরোই।
আর্জেন্টিনার হয়ে এরই মধ্যে তিনটি ম্যাচে অধিনায়কত্বের অভিজ্ঞতা হয়েছে রোমেরোর। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন তিনি।
এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন রোমেরো। ২০২৬ বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও অধিনায়ক ছিলেন তিনি।
মেসির পর রোমেরোর সামনে তাই শুধু মাঠে রক্ষণ সামলানোর দায়িত্ব নয়, মেসিবিহীন আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেওয়ার বড় চ্যালেঞ্জও থাকছে। আগ্রাসী মানসিকতা, সতীর্থদের সংগঠিত করার দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার স্বভাব- এই গুণগুলোই তাকে আর্জেন্টিনার পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে দিয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস