শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:১৭, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
১৯ বছর বয়সী ফারহান আলী ওয়াহিদের কাছে এখন সবচেয়ে বড় পরিচয় তিনি বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষের ভালোবাসায় অভিভূত এই তরুণ উইঙ্গার।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের এখনো বাংলাদেশের হয়ে মাঠে নামা হয়নি। আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে তাই অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত ফারহান।
প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানতে চাইলে ফারহান বলেন, ‘এটা দারুণ ছিল। নিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকর। সমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছি। শুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’
ফারহানের বাংলাদেশি পরিচয় এসেছে তার বাবার দিক থেকে। ইংল্যান্ডে বেড়ে উঠলেও পরিবারের সূত্রে বাংলাদেশের ফুটবলের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়েছে। তবে ফুটবলার হিসেবে তার বেড়ে ওঠা পুরোপুরি ইংল্যান্ডের কাঠামোয়। অনূর্ধ্ব-১২ পর্যায়ে চেলসি থেকে ফুলহামের একাডেমিতে যোগ দেন তিনি। ফুলহামের বয়সভিত্তিক দল পেরিয়ে অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ ছয় গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করে নজর কাড়েন। চলতি মৌসুমে নিয়মিত সিনিয়র ফুটবলের অভিজ্ঞতা অর্জনের জন্য ধারে খেলছেন পঞ্চম স্তরের ক্লাব বোরহামউডে।
ইংল্যান্ডের ফুটবলে বেড়ে ওঠা ফারহানের জন্য বাংলাদেশের মানুষের এমন উচ্ছ্বাস তাই কিছুটা বিস্ময়েরও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বাংলাদেশের সমর্থকদের প্রতিক্রিয়া নিয়মিতই দেখছেন তিনি। জাতীয় দলের প্রথম ডাকের সময় যে ভালোবাসা পেয়েছেন, সেটিই তাকে আরও ভালো করার তাগিদ দিচ্ছে। ফারহান বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য। আমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়। শুরুতেই এ ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে।’
ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হয়ে নতুন অধ্যায় শুরু হতে পারে ফারহানের। আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এরপর সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে দল। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেলে সেটি যে তার ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত হবে, তা বলাই যায়।
এর আগে বাংলাদেশ দলের সঙ্গে আজ যোগ দেওয়ার অপেক্ষায় থাকা ফারহানের বার্তাও সরল, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আশা করি, আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারবো।’
ঢাকা এক্সপ্রেস/এসএস