শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একদল যুবকের হাস্যরসে ভরা অনবদ্য পরিবেশনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। নির্মাতারা জানিয়েছেন, ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে ২০০৮ সালের ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালের ‘গোলমাল ৩’ এবং ২০১৭ সালের ‘গোলমাল এগেইন’—সবগুলো সিনেমাই দীপাবলির মতো বড় উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেয়েছিল। ২০০৬ সালের প্রথম সিনেমাটির মতো এবারও কোনো বড় ধর্মীয় বা জাতীয় উৎসব ছাড়াই প্রেক্ষাগৃহে আসছে ‘গোলমাল ৫’।
তবে দীপাবলি বা ঈদের মতো বড় উৎসবের সময় ছেড়ে নতুন বছরের শুরুতে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত কেন নেওয়া হলো? এর পেছনে রয়েছে পরিচালক রোহিত শেট্টির সুচিন্তিত ব্যবসায়িক কৌশল।
ট্রেড অ্যানালিস্ট ও বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, বক্স অফিসে সিনেমাটিকে দীর্ঘ সময় ধরে রাখার পরিকল্পনা থেকেই আগামী বছরের জানুয়ারির এই তারিখ বেছে নেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতে মুক্তি পাবে শাহরুখ খানের ‘কিং’। একই সময়ে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ও প্রেক্ষাগৃহে চলবে।
অন্যদিকে, গুজরাটে রোহিত শেট্টির সিনেমাগুলোর বাণিজ্যিক সাফল্য বরাবরই উল্লেখযোগ্য। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির ছুটিকে কেন্দ্র করে ‘গোলমাল ৫’-এর দ্বিতীয় সপ্তাহে গুজরাট থেকে বড় আয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি ২১ জানুয়ারি সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির আগে টানা দুই সপ্তাহ প্রেক্ষাগৃহে তুলনামূলকভাবে বেশি সময় পাওয়ার সুযোগ থাকবে ‘গোলমাল ৫’-এর। এসব বিষয় বিবেচনা করেই আগামী বছরের ৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
মূলত ২০১১ সালের ‘সিংহাম’, ২০১৭ সালের ‘গোলমাল এগেইন’ এবং করোনাকালের ‘সূর্যবংশী’সহ একাধিক সিনেমার মাধ্যমে গুজরাটের বক্স অফিসে সাফল্য পেয়েছেন রোহিত শেট্টি। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই কোনো বড় উৎসবের ওপর নির্ভর না করে আগামী বছরের জানুয়ারিতে ‘গোলমাল ৫’ নিয়ে দর্শকদের সামনে আসছেন নির্মাতারা।
উল্লেখ্য, সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এতে অভিনয় করছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর ও শারমান যোশীর মতো তারকারা।
ঢাকা এক্সপ্রেস/এসএস