ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩, ০৭ রবিউস সানি ১৪৪৮

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্বই অর্থহীন: অপূর্ব

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৫, ২০ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজের অস্তিত্বই অর্থহীন: অপূর্ব

ফাইল ছবি

শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একই সঙ্গে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন অপূর্ব।

পোস্টে অভিনেতা লিখেছেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার সুযোগ তার সবচেয়ে স্বাভাবিক অধিকার। অথচ শিশুদের ওপর বারবার এমন নৃশংসতা সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।

শুক্রবার ছেলে অপ্রতিমের নিখোঁজের খবর জানিয়ে ফেসবুকে তাকে খুঁজে পাওয়ার আকুতি জানিয়েছিলেন তার মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাহিদা বেগম। বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হতবাক হয়ে যান অপূর্ব।

১৩ বছর বয়সী অপ্রতিমের হত্যাকাণ্ডে স্তব্ধ হওয়ার কথা জানিয়ে শিশুদের ওপর নৃশংসতা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই।’

অপ্রতিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করলেও সাম্প্রতিক শিশুহত্যার ঘটনাগুলো একজন বাবা ও দেশের সাধারণ নাগরিক হিসেবে তাকে স্তব্ধ করেছে বলে জানান অপূর্ব।

অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটু বাড়তি সতর্কতা ও সচেতন নজরদারি হয়তো অনেক বড় বিপদ থেকে সন্তানকে রক্ষা করতে পারে।

ঘরের ভেতরে কিংবা বাইরে কোথাও যেন শিশুদের নিরাপত্তায় কোনো ঘাটতি না থাকে, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

শিশুহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান অপূর্ব। শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলাকে সবচেয়ে বড় দায়িত্ব বলেও মনে করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন