শিরোনাম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৫:২১, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে (১৩) তার কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লায় অপ্রতীম হত্যা মামলার তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, অপ্রতীমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর আইফোন নিয়ে তারা পালিয়ে যান।
তিনি জানান, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করা হয়। অপ্রতীমের মরদেহ উদ্ধারের আগেই তাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তুহিন আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে ফাহাদ ও তার এক বন্ধুর সম্পৃক্ততার কথা বলে।
পরে ফাহাদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কামরুলের সম্পৃক্ততার কথা জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুলকেও হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সুপার বলেন, তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী আইফোন উদ্ধারে প্রথমে তিন জায়গায় অভিযান চালানো হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে আইফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সিয়াম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।
অপ্রতীম হত্যায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে। দ্রুত মামলার পুলিশ প্রতিবেদন বা চার্জশিট আদালতে দাখিলের কথা জানান তিনি।
ঢাকা এক্সপ্রেস/এসআই