ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩, ০৫ রবিউস সানি ১৪৪৮

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:৫৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় থাকবে: অ্যাটর্নি জেনারেল

ছবি: ঢাকা এক্সপ্রেস

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভেতরে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র কিংবা অনৈতিক সিন্ডিকেটকে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের হলিডে ইন হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহুল কুদ্দুস কাজল।

‘স্ট্রেনদেনিং দ্য প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিসেস অব প্রসিকিউটোরিয়াল এথিক্স ফর দ্য অ্যাটর্নি জেনারেলস অফিস অব বাংলাদেশ’ শীর্ষক এই প্রশিক্ষণ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে আইন কর্মকর্তাদের পেশাগত অবস্থান নিশ্চিত করা হবে।

এ সময় রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দায়িত্ব শুধু মামলা জয় করা নয় বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর মতে, আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ সহযোগিতা করাও রাষ্ট্রের আইন কর্মকর্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত আইন কর্মকর্তাদের জন্য নৈতিকতা বিষয়ে দুই দিনব্যাপী এই উচ্চতর প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ১৬০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল অংশ নিচ্ছেন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন