শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:০৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার আগে বিমান থেকে বের হয়ে নিরাপদে মাটিতে নামতে সক্ষম হন পাইলট। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির একটি গ্রামীণ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির শেরিফ জানান, হাসপাতালে পাইলট সচেতন ছিলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথাও বলেন।
দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমান থেকে বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়।
দুর্ঘটনার সময় এফ-১৬টি আলপেনা এলাকার একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল। বিমানটি টেক্সাসের একটি সামরিক ঘাঁটি থেকে আসা কয়েকটি বিমানের সঙ্গে মিশিগানে যায়।
বিধ্বস্ত হওয়ার আগে একই বহরে থাকা আরেকটি বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সম্ভাব্য বিপদের কথা জানান। লাইভএটিসি ডটনেটে প্রকাশিত অডিও অনুযায়ী, তিনি ধারণা করেছিলেন বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়েছে।
এরপর বিমানটি একটি আবাসিক এলাকার কাছের মাঠে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা বিকট শব্দ ও বড় ধরনের আগুনের গোলা দেখতে পান।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের সময় বিমানটির ইঞ্জিনে সমস্যার আশঙ্কার কথাও উঠে আসে। তবে সামরিক কর্মকর্তারা পাখির সঙ্গে ধাক্কার বিষয়টি নিশ্চিত করেননি।
দুর্ঘটনার কারণ ও বিমানটির সম্ভাব্য কারিগরি ত্রুটি নিয়ে তদন্ত চলছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)
ঢাকা এক্সপ্রেস/এসআই