ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২ আশ্বিন ১৪৩৩, ০৪ রবিউস সানি ১৪৪৮

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৮

ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার ধারাবাহিক হামলা আরও তীব্র হওয়ার মধ্যে সর্বশেষ এ হামলা হলো।

এএফপির সাংবাদিকেরা জানান, বৃহস্পতিবার ভোরে কিয়েভে প্রায় এক ডজন শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে রাজধানীর কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কার কথা জানিয়েছিল।

সকালে মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, ‘কিয়েভে এরই মধ্যে ১৮ জন আহত হয়েছেন। শত্রুপক্ষ রাজধানীতে হামলা চালিয়ে যাচ্ছে।’

ইউক্রেনের বিভিন্ন শহরে দিন ও রাতে রুশ হামলা বেড়েছে। গোলাবারুদের ঘাটতির কারণে কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলায় আবারও বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। আটটি অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

হামলায় দক্ষিণাঞ্চলীয় ওদেসা অঞ্চলে সাতজন এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে তিনজন আহত হয়েছেন।

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেন দীর্ঘদিন ধরে আরও সহায়তা চেয়ে আসছে। এ যুদ্ধ এখন পঞ্চম বছরে পড়েছে।

এর মধ্যে বুধবার যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নতুন নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে মস্কো ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ট্যাংকারগুলো।

জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার রাতেই মার্কিন প্রতিনিধি পরিষদ আইনটি পাস করায় বিষয়টি ‘প্রতীকী’ হয়ে উঠেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা আরও বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, ২০২৬ সালে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা যুদ্ধ শুরুর পর প্রথম কয়েক মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন