শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ বোতল এসকাফ সিরাপ ও চার বোতল উইন সেরেক্স সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌগাছার কুলিয়া গ্রামের মোবারক হোসেন (৫২), একই উপজেলার চুটারহুদা গ্রামের সেলিম হোসেন (৩৯), সুখপুকুরিয়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের টিপু সুলতান (৪৭) এবং শার্শার কায়বা ইউনিয়নের ধানতারা গ্রামের মাজিদা খাতুন (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে মোবারক হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে চার বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া স্বরুপদাহ ইউনিয়নের চুটারহুদা গ্রামে সেলিম হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন দুপুরে জেলার অভয়নগরের ধোপাদী মোড় এলাকায় টিপু সুলতানের বসতঘরে অভিযান চালিয়ে ৩৭ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া বিকেলে যশোর শহরের চাঁচড়া বাইপাস সড়কে চাকলাদার ফিলিং স্টেশনের সামনে একটি গড়াই পরিবহন বাসে অভিযান চালিয়ে মাজিদা খাতুনের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্যের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা ও কোতোয়ালি থানায় পৃথক চারটি নিয়মিত মামলা করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস