শিরোনাম
স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত
প্রকাশ: ১০:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাগালিয়া নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার খাগালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) এবং পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়াচরের হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ লাল ঘোষ জানান, বিকেলের দিকে চাতলপাড় গ্রাম থেকে স্পিডবোটে করে তিনজন চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় স্পিডবোটে থাকা ব্যক্তিরা পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহত দুইজনের মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসএস