শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৯, ১৮ নভেম্বর ২০২৬
ছবি : পিএমও
রাজধানীতে মেট্রোরেলের চলমান বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়াতে মনোরেল নির্মাণের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর কয়েকটি রুটে মেট্রোরেল চালু রয়েছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।
মনোরেলের সম্ভাব্য রুট সম্পর্কে তিনি বলেন, ছোট পরিসরের এলাকাতেও মনোরেল চলাচল করতে পারে। মোহাম্মদপুর, ধানমন্ডি কিংবা সবুজবাগের ভেতরের মতো এলাকায় এটি চালু করা সম্ভব হলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে।
রাজধানীর যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক সিগন্যাল স্থাপনের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। বিভিন্ন স্থানে নতুন ট্রাফিক লাইট ও সিগন্যাল স্থাপন করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এগুলো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
তারেক রহমান বলেন, এআই ক্যামেরাসহ ট্রাফিক লাইটগুলো চালু হলে রাজধানীর যান চলাচল আরও উন্নত হবে এবং যানজট তুলনামূলকভাবে কমে আসবে। এতে মানুষের চলাচলও সহজ হবে বলে তাঁর বিশ্বাস।
বিশ্বের বড় ও জনবহুল শহরগুলোতে অফিস ও স্কুল শুরু এবং ছুটির সময়ে যানজটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব শহরে ব্যস্ত সময়ে দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজট থাকে। বাংলাদেশেও একই পরিস্থিতি দেখা যায়। তবে সরকার যানজট কমিয়ে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আজ বুধবার বিকেল সোয়া ৪টায় সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
ঢাকা এক্সপ্রেস/এসআই