শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৯, ১৮ নভেম্বর ২০২৬
ফাইল ছবি
নতুন প্রজন্মের বুদ্ধিমত্তা ও বিশ্বসংস্কৃতি সম্পর্কে জানাশোনায় মুগ্ধ বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। বিশেষ করে নিজের মেয়ে শোরাকে দেখার পর জেন-জি প্রজন্ম সম্পর্কে তাঁর ধারণা বদলে গেছে। অভিনেতার মতে, বর্তমান প্রজন্ম অনেক বেশি স্মার্ট এবং বিশ্ব সম্পর্কে তাদের জানাশোনার পরিধিও বিস্তৃত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সী তরুণ-তরুণীরা অনেক বেশি স্মার্ট। বিশ্বের সঙ্গে তাদের পরিচয় এমন পর্যায়ের, যা তাঁদের প্রজন্মের ছিল না। নিজেদের সময়ে বাবা-মাকে প্রশ্ন করা কিংবা তাঁদের চোখে চোখ রেখে কথা বলার সাহসও তাঁরা পেতেন না।
অভিনেতা বলেন, বর্তমান প্রজন্ম সরাসরি বড়দের প্রশ্ন করে। পাশাপাশি তারা বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দেখে। ফলে অনেক তরুণ এমন সব সিনেমা সম্পর্কে জানে, যা হয়তো বড়দেরও দেখা হয়নি।
নিজের মেয়ে শোরার প্রসঙ্গ টেনে নওয়াজুদ্দিন বলেন, তরুণদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তাঁর মেয়ে অভিনয়সহ বিভিন্ন বিষয়ে অনেক কিছু জানে। মাত্র তিন-চার বছরে শোরা তাঁর চেয়েও বিশ্বের বেশি সিনেমা দেখেছে বলে মনে করেন অভিনেতা।
প্রসঙ্গত, নওয়াজুদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বনসাল মার্ডারস’ সিনেমায়। এ ছাড়া আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার সঙ্গে ‘থাম্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামনে তাঁকে দেখা যাবে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’ ও ‘সঙ্গিন’ সিনেমায়।
অন্যদিকে, বাবার সঙ্গে ‘নাকাব’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মঞ্চে অভিষেক হয়েছে শোরার। নাটকটি নিয়ে যুক্তরাষ্ট্রের নয়টি শহরে পরিবেশনায় অংশ নিয়েছেন বাবা-মেয়ে।
ঢাকা এক্সপ্রেস/এসআই