ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৬ জমাদিউস সানি ১৪৪৮

পদত্যাগ করছেন জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:৫২, ১৭ নভেম্বর ২০২৬

পদত্যাগ করছেন জয় চৌধুরী

ফাইল ছবি

চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ভারাক্রান্ত হৃদয়ে পাঠানো ওই বার্তায় জয় চৌধুরী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নিজের ব্যক্তিগত অবস্থান নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা মতবিনিময় করার কথাও জানিয়েছেন।

এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি গেটে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও কর্মচারীরা এতে অংশ নিলেও উপস্থিত ছিলেন না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ বেশ কয়েকজন সদস্য। এ নিয়েই শুরু হয় বিরোধ।

মানববন্ধন শেষে ক্ষুব্ধ হয়ে শিল্পী সমিতির চত্বরে যান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। এ সময় জয় চৌধুরীর মুখোমুখি হলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।

জয় চৌধুরীর ওপর প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান। পরিস্থিতি বোঝানোর চেষ্টা করা হলেও তার মেজাজ আরও চড়ে যায়। শিল্পী সমিতির সামনে বসে থাকা লোকজনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।’ এরপর জয় চৌধুরীকে লক্ষ্য করে বলেন, ‘চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

হেলাল খানের এমন ক্ষোভের কারণ ব্যাখ্যা করে পরে জয় চৌধুরী জানান, ঘটনার সময় শিল্পী সমিতির সামনে মূলত অভিনেতা ডি এ তায়েবের কয়েকজন ভক্ত বসে ছিলেন। জন্মদিনের কেক কাটতে আসা ওই ভক্তরা তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন।

জয়ের ভাষ্যমতে, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে আমাদের যেতে একটু দেরি হয়েছিল। অথচ তায়েব ভাই নিজেও জানতেন না যে ওই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে। মূলত ভুল বোঝাবুঝির কারণেই হেলাল ভাই এমন ক্ষোভ প্রকাশ করেছেন।’

চলচ্চিত্র অঙ্গনের এই মতবিরোধ ও উত্তেজনার মধ্যেই আহ্বায়ক কমিটির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন জয় চৌধুরী।

ঢাকা এক্সপ্রেস এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করুন।

ঢাকা এক্সপ্রেস/এসএস

আরও পড়ুন