ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৭ জমাদিউস সানি ১৪৪৮

গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে আলোচিত সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০৭, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে আলোচিত সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহায় আলোচনায় আসা অ্যালবিনো বা সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) রয়েছে। সেখানে মহিষটিকে নিয়ে গবেষণা চলছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশে সুস্থ আছে প্রাণীটি। এরই মধ্যে বিএলআরআইয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে এটি।

বিএলআরআই কর্তৃপক্ষ জানায়, মহিষটিকে অন্য মহিষের সঙ্গে একই শেডে রাখা হলেও আলাদা রাখা হয়। কারণ, পুরুষ মহিষ বা ষাঁড় একসঙ্গে রাখলে নিজেদের মধ্যে মারামারি করে।

গত ২১ জুন রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে বিএলআরআইয়ে নেওয়া হয়। এরপর প্রায় এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয়। এ সময় প্রাণীটির শরীরে কোনো রোগ বা সংক্রমণ আছে কি না, তা পরীক্ষা করা হয়। কোয়ারেন্টাইন শেষে মহিষটিকে অন্য প্রাণীদের সঙ্গে মূল ব্যবস্থাপনায় যুক্ত করা হয়।

বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, কোয়ারেন্টাইনে মহিষটির শরীরে কোনো অসুস্থতা শনাক্ত হয়নি। এরপর থেকে এখন পর্যন্ত এর কোনো অসুখ হয়নি। প্রাণীটি বিএলআরআইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে।

কী গবেষণা হচ্ছে

বাংলাদেশে সাধারণত মহিষের গায়ের রং কালো বা গাঢ় ধূসর। তবে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত মহিষটির গায়ের রং সাদা। জিনের মিউটেশনের কারণে এ ধরনের রং হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া খন্দকার বলেন, ডিএনএ বা জিনের গঠনে আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে মিউটেশন বলা হয়। এ ধরনের পরিবর্তনের কারণে মহিষের গায়ের রং সাদা হতে পারে। ঘটনা বিরল হলেও একেবারে ব্যতিক্রম নয়।

অ্যালবিনো মহিষের রোগপ্রতিরোধ ক্ষমতা ও উৎপাদনক্ষমতা কম—এমন ধারণা প্রচলিত থাকলেও গবেষণা ছাড়া এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মনে করেন অধ্যাপক ইয়াহিয়া খন্দকার।

বিএলআরআইয়ের কর্মকর্তারা জানান, কোরবানির জন্য মোটাতাজা করায় মহিষটি প্রজননের উপযোগী অবস্থায় ছিল না। গত প্রায় চার মাস ধরে এটিকে প্রজনন উপযোগী করার চেষ্টা চলছে। এ জন্য ওজন কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মহিষটির ওজন কমে প্রায় ৫৫০ কেজিতে দাঁড়িয়েছে। তবে একবার ওজন বেড়ে গেলে তা কমানো কঠিন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা এক্সপ্রেস/এসআই

আরও পড়ুন