শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৭৬ জনে। এর মধ্যে সেপ্টেম্বরের ১৭ দিনেই মারা গেছেন ৭৯ জন। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া রংপুর বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, ঢাকা বিভাগে ১৯০ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, রংপুর বিভাগে ৩৫ জন এবং সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের ১৭ দিনে ৭৯ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই