শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:০৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের বয়স ১৩ বছর উল্লেখ করে সরকারি ভবনগুলোর কপালে কালিতে এ সংখ্যা লিখতে চান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে দুদু লেখেন, ‘অপ্রতিমের বয়স তেরো। এই সংখ্যাকে আজ আমি শহরের সব সরকারি ভবনের কপালে কালি দিয়ে লিখে দিতে চাই।’
তিনি লেখেন, ১৩ বছর বয়সে একটি শিশুর পৃথিবী হওয়ার কথা স্কুলের মাঠ, বন্ধুর মুখ, মায়ের রান্নাঘর, পরীক্ষার খাতা ও ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন। কিন্তু অপ্রতীমের মৃত্যু সেই ভবিষ্যৎ কেড়ে নিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতীম। পরে পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি চালান।
প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় ১৭ বছর বয়সী দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
ঢাকা এক্সপ্রেস/এসআই