শিরোনাম
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ফাইল ছবি
বলিউডে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। সিনেমাটির প্রথম গান ‘জয় জয় রাম’ প্রকাশের পর দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া ভক্তিমূলক গানটি এরই মধ্যে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। তবে গানটি প্রকাশের পর সামনে এসেছে অরিজিতের রেকর্ডিং নিয়ে চমকপ্রদ তথ্য।
জানা গেছে, ‘জয় জয় রাম’ গানটির নিখুঁত রেকর্ডিংয়ের জন্য অরিজিৎ সিং ২০০টিরও বেশি টেক দিয়েছেন।
রেকর্ডিং স্টুডিও সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গানটি গাওয়ার সময় অরিজিৎ এতটাই আধ্যাত্মিক আবহে ডুবে গিয়েছিলেন যে নিজের কণ্ঠ ও পরিবেশনা নিয়ে সন্তুষ্ট হতে বারবার টেক দিয়েছেন।
স্টুডিওতে উপস্থিত কলাকুশলীদের কাছেও বিষয়টি ছিল বিস্ময়কর। গানের প্রতিটি লাইনের সুর, শব্দ ও অন্তর্নিহিত আবেগ গভীরভাবে উপলব্ধি করে গাইছিলেন তিনি।
প্রতিটি টেকেই আরও নিখুঁতভাবে সেই অনুভূতি কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছেন অরিজিৎ।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, গানের আবেগে অরিজিৎ এতটাই ডুবে গিয়েছিলেন যে রেকর্ডিংয়ের সময় নিজেকে পুরোপুরি গানের কাছে সমর্পণ করেছিলেন। প্রযুক্তিগত খুঁটিনাটি বা রেকর্ডিংয়ের স্বাভাবিক সীমাবদ্ধতার চেয়েও গানের অন্তর্নিহিত অনুভূতিকে সঠিকভাবে তুলে ধরাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল।
‘জয় জয় রাম’ গানটির কথা লিখেছেন হিন্দি কবি ও গীতিকার কুমার বিশ্বাস। এতে সুর দিয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানটি প্রকাশের পর মাত্র তিন দিনের মধ্যেই ডিজিটাল মাধ্যমে ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে বলে জানা গেছে।
সিনেমাটির বহুল আলোচিত ট্রেলার প্রকাশের পরই শ্রোতাদের সামনে আসে গানটি। গান প্রকাশের পর অরিজিতের গায়কির পাশাপাশি এর আধ্যাত্মিক আবহও দর্শক-শ্রোতাদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।
ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘রামায়ণ’-এ শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। লঙ্কাপতি রাবণের ভূমিকায় রয়েছেন দক্ষিণী তারকা ইয়াশ। সীতার চরিত্রে সাই পল্লবী, হনুমানের চরিত্রে সানি দেওল, কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত, সূর্পণখার ভূমিকায় রাকুল প্রীত সিং এবং লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে।
সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। ‘জয় জয় রাম’ গানটির জনপ্রিয়তার পর সেই প্রত্যাশা আরও বেড়েছে।
ঢাকা এক্সপ্রেস/এসআই