শিরোনাম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১১:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবি: ঢাকা এক্সপ্রেস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার আমতলী উপজেলার ১ নম্বর গুলিশাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার তুঙ্গে রয়েছেন তরুণ আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ শুরু হয়েছে।
অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি বরগুনা জেলা আইনজীবী সমিতির আমতলী (এডহক) কমিটির সক্রিয় সদস্য।
রাজনৈতিক জীবনে তিনি গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন মাঠে কাজ করেছেন। তৃণমূলের কর্মীদের সঙ্গে তাঁর রয়েছে নিবিড় সম্পর্ক।
এ ছাড়া মানবিক কাজে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘অ্যাড. জসিম উদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি অসহায়, গরিব, মেধাবী শিক্ষার্থী ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি নিজেও এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, ‘আমি ১ নম্বর গুলিশাখালী ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ও শান্তির ইউনিয়ন হিসেবে গড়তে চাই। আমার প্রথম কাজ হবে ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করা। ভূমিদস্যুদের হাত থেকে গরিবের জমি রক্ষা করা, সরকারি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতিটি ওয়ার্ডে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।’
তিনি আরও বলেন, ‘আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র, ভয়ের নয়। আমি কোনো প্রতিশ্রুতি নয়, কাজে প্রমাণ করতে চাই। এ জন্য আমি ১ নম্বর গুলিশাখালী ইউনিয়নের সব স্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।’
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, একজন শিক্ষিত, সৎ, মেধাবী ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন এলাকাবাসী।
ঢাকা এক্সপ্রেস/এসএস